বাকৃবিতে Sustainable Bioenergy Solutions for a Low-Carbon Future শীর্ষক সিম্পোজিয়াম অনুষ্ঠিত


বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল-এর অর্থায়নে ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এর উদ্যোগে Sustainable Bioenergy Solutions for a Low-Carbon Future' শীর্ষক এক সিম্পোজিয়াম ১৪ ডিসেম্বর ২০২৫ রবিবার সকাল ১১.০০টায় কৃষি অনুষদের ডীন‘স কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইপিআরসি এর চেয়ারম্যান(সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব এবং সদস্য (বিইপিআরসি) ড. মো. রফিকুল ইসলাম, অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকারের সভাপতিত্বে এবং প্রফেসর ড. মুরাদ আহমেদ ফারুক এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব এবং সদস্য (বিইপিআরসি) ড. মো. রফিকুল ইসলাম, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ শহীদুল হক এবং আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ শাহেদ রেজা। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, যেকোনো কাজ সম্পাদনের জন্য এনার্জি অপরিহার্য। আধুনিক জীবনযাপনের প্রতিটি ক্ষেত্রে এনার্জির প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আমাদের নিজস্ব সম্পদকে কাজে লাগিয়ে প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে এনার্জি সেক্টরকে আরও সমৃদ্ধ করতে হবে। ১৮ কোটি মানুষের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের কৃষি বিজ্ঞানীরা অভূতপূর্ব সাফল্য অর্জন করেছেন। এনার্জি সিকিউরিটি ও ফুড সিকিউরিটির মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান—এ কারণে এ খাতে গবেষণা জোরদার করা এবং গবেষণায় বিনিয়োগ অব্যাহত রাখা জরুরি। যেহেতু বিশ্ববিদ্যালয়ে গবেষণার উপযোগী পরিবেশ রয়েছে, তাই এই সুযোগকে সর্বোচ্চভাবে কাজে লাগাতে হবে।
ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া তাঁর বক্তব্যে জীবনযাত্রার মান উন্নয়নে এনার্জিকে একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে উল্লেখ করেন। তিনি এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সিম্পোজিয়ামে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত অতিথিবৃন্দকে তাঁদের মূল্যবান সময় যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান।পরবর্তীতে সিম্পোজিয়ামে ২টি প্রেজেনটেশন উপস্থাপিত হয়। প্রেজেনটেশন উপস্থাপন করেন বিইপিআরসি’র প্রফেসর ড. হাসান মাহমুদ এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. হুমায়ূন কবির। উল্লেখ্য, সিম্পোজিয়ামে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ , পিডিবি, ময়মনসিংহ এবং বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক,গবেষক, শিক্ষার্থীবৃন্দসহ শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।
