logo

Bangladesh Agricultural University (BAU)

বাকৃবিতে ‘বিজনেস আইডিয়া প্রতিযোগিতা ২০২৪’-এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের(বাকৃবি) কৃষি ব্যবসা ও উন্নয়ন শিক্ষা ইনস্টিটিউটের (আইএডিএস) আয়োজনে ‘বিজনেস আইডিয়া প্রতিযোগিতা ২০২৪’-এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১৮ জানুয়ারি ২০২৬ ) সকালে বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদীয় সম্মেলন কক্ষে এই প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া, ভাইস-চ্যান্সেলর, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ড. মো: কায়সার কামরুজ্জামান,ফাইনান্স ডিরেক্টর, মাইক্রোফাইবার লিঃ এবং আহবায়ক এ্যাব ও প্রফেসর ড. মোহাম্মদ আমিরুল ইসলাম, ডীন, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ বিজ্ঞান অনুষদ।প্রফেসর ড. ছাদেকা হকের সভাপতিত্বে এবং লেকচারার মৌমিতা দেবের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রফেসর ড. আরিফা জান্নাত। উক্ত প্রোগ্রামের উপর সংক্ষিপ্ত আলোকপাত করেন প্রফেসর ড. ছাদেকা হক। এছাড়াও বক্তব্য রাখেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. শহীদুল হক, ডিন কাউন্সিল এর আহবায়ক প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার, বাউরেস পরিচালক প্রফেসর ড. মো: হাম্মাদুর রহমান,পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. জোয়ার্দার ফারুক আহমেদ, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো: হেলাল উদ্দীন প্রমুখ। একজন সফল উদ্যোক্তা হিসেবে মো: মাতিনুর রহমান তার অনুভূতি প্রকাশ করেন এবং প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের পক্ষে দুইজন ছাত্র-ছাত্রী তাদের অনুভূতি প্রকাশ করেন। ​প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপন করেন।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তার প্রশংসা করেন এবং দেশের কৃষি ও ব্যবসা খাতের উন্নয়নে এ ধরনের প্রতিযোগিতার গুরুত্বারোপ করেন । তিনি বলেন, তরুণ উদ্যোক্তাদের মাধ্যমেই সম্ভাবনাময় আগামীর বাংলাদেশ গড়ে উঠবে। তিনি বলেন যে ২৫০টি টিম মানে ২৫০টি আইডিয়া যা একটি বিশাল ব্যাপার।তরুণ প্রজন্ম যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, তারাই বাংলাদেশ তথা বিশ্বের প্রকৃত সম্পদ, কারণ তারাই সামনের দিনের বাংলাদেশ এবং বিশ্বকে পরিচালনা করবে বলে তিনি উল্লেখ করেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে তারা স্থানীয় পর্যায় থেকে জাতীয়, তারপর আন্তর্জাতিক এবং সবশেষে পুরো বিশ্বকে জয় করবে। আমাদের এই তরুণ প্রজন্মকে সেভাবে গড়ে তোলার জন্যই এই ধরণের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যা সত্যিই প্রশংসনীয়। এজন্য তিনি আয়োজকদের এবং বিজয়ীদের অভিনন্দন জানান। তিনি অংশগ্রহণকারীদের অনুরোধ করেন যেনো তারা মস্তিষ্কের চর্চা অব্যাহত রেখে আরও বাস্তবসম্মত ধারণা তৈরির চেষ্টা করে, যা ব্যবসায়িক রূপ নিতে পারে এবং জীবনযাত্রার মানোন্নয়নে অর্থ উপার্জনে সহায়ক হয়।ভাইস-চ্যান্সেলর বিজয়ী টিমগুলোর মাঝে পুরস্কার প্রদান করেন।
​উল্লেখ্য, সারা বাংলাদেশের সর্বমোট ২৫০টি টিমের মাঝে ফাইনাল রাউন্ডে ৫ টি টীম অংশগ্রহণ করে। ইনস্টিটিউট অফ এগ্রিবিজনেস অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (IADS) শিক্ষার্থীদের মাঝে উদ্যোক্তা মানসিকতা তৈরি এবং নতুন নতুন ব্যবসায়িক ধারণা বিকাশের লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Publish Date: 18 Jan, 2026