logo

Bangladesh Agricultural University (BAU)

বাকৃবিতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় শীতবস্ত্র ও খাবার বিতরণ

​বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দুস্থদের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণ করা হয়েছে। আজ রবিবার (১৮ জানুয়ারি) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স হলে এই কর্মসূচির আয়োজন করে সোনালী দল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় । আয়োজক কমিটির সভাপতি এবং পশু পালন অনুষদের ডিন প্রফেসর ড. মো: রুহুল আমীন এর সভাপতিত্বে এবং সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল্লাহ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ এর আহবায়ক ড. মো: কায়সার কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার, উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো: সামছুল আলম, সোনালি দলের সভাপতি প্রফেসর ড. মো: আলী রেজা ফারুক এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. আহমদ খায়রুল হাসান। এছাড়াও বাকৃবি শাখা ছাত্রদলের আহবায়ক মো: আতিকুর রহমানের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
​দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং পরকালীন শান্তির জন্য দোয়া ও এই মানবিক সহায়তার উদ্যোগ নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকার দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে ৪৫০পিস কম্বল ও জনপ্রতি ৫কেজি করে আলু বিতরণ করা হয়।
​ অনুষ্ঠানে সোনালী দলের নেতৃবৃন্দসহ অপরাপর সদস্যবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
​উল্লেখ্য, সোনালী দলের উদ্যোগে দুইদিন পর বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় খাদ্য বিতরণ করা হবে। অসহায় মানুষের কষ্ট লাঘবে সোনালী দলের পক্ষ থেকে এমন সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Publish Date: 18 Jan, 2026