বাকৃবির কৃষি অনুষদে ‘উচ্চশিক্ষায় অ্যাক্রেডিটেশন’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) উচ্চশিক্ষার মানোন্নয়ন ও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের লক্ষ্যে ‘Accreditation in Higher Education: Documentation and Readiness’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০১ ফেব্রুয়ারী ২০২৬ ) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (IQAC) এর উদ্যোগে কৃষি অনুষদের কনফারেন্স রুমে সকাল ১০টায় এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মাসুম আহমাদ ও প্রক্টর ড. মো. আব্দুল আলীম ।আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. মো: আসাদুজ্জামান সরকারের সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মুরাদ আহমেদ ফারুখ এবং পর্যালোচক হিসেবে আলোচনায় অংশ নেন প্রফেসর ড. মো: জুলফিকার রহমান, প্রফেসর ড. মো: গোলাম মর্তুজা ও প্রফেসর ড. সুকুমার সাহা।
প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন কৃষি অনুষদ অত্র বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় অনুষদ এবং ওখানকার সবাই মেধা ও যোগ্যতার ভিত্তিতেই শিক্ষক হয়েছেন।কাজেই যত কঠিন কাজই হোক না কেন, আমরা এটা সম্পন্ন করতে পারবো। তিনি উপস্থিত প্রশিক্ষণার্থীদেরকে বলেন যে অনেক ইউনিভার্সিটি করে ফেলছে কোর্সগুলো, আমরা করি নাই। আমরা যেন সেই অভিযোগে অভিযুক্ত না হই সেই জিনিসটা সবাই মিলে খেয়াল রাখতে হবে । আপনারা দয়া করে একটু কনসেনট্রেট করবেন, একটু সময় দিবেন মনোযোগ দিবেন। আমাদের কাজ আমাদেরই করতে হবে আজকে অথবা আগামীকাল। তিনি উক্ত কর্মশালার সফলতা কামনা করেন।
পরবর্তীতে অংশগ্রহণকারীদের মধ্যে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।আলোচনায় অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্রের অনুপাত, ক্লাস অ্যাভেইলিবিলিটি, ক্লাসের ল্যাবরেটরি ফ্যাসিলিটি, স্টাফদের কর্মদক্ষতা—সবকিছু মিলিয়ে একত্রিতভাবে, বিভিন্ন সূচক পূর্ণ করে এগিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করা হয়। অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যোগ্যতা এবং কোর্স কারিকুলাম এই মুহূর্তে আগের চাইতে অনেক আপডেট ইত্যাদি তথ্যাবলী আলোচনায় ওঠে আসে। উচ্চশিক্ষার গুণগত মান বজায় রাখা এবং বৈশ্বিক মানদণ্ডে স্বীকৃত হওয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উল্লেখ্য, দিনব্যাপী উক্ত কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ১১৮ জন শিক্ষক অংশগ্রহণ করেন।