বাকৃবিতে কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ বিজ্ঞান অনুষদের ২য় ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের বি.এস-সি. এজি. ইকন. (অনার্স) লেভেল-৪, সেমিস্টার-২ (সেশন: ২০২০-২১) এর শিক্ষার্থীদের নিয়ে ‘২য় ইন্টার্নশিপ প্রোগ্রাম-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৩ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার বিকেল ৩:৩০টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জি.এম. মুজিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ইন্টার্নশীপ প্রোগ্রামের উদ্বোধন ঘোষণা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. শহিদুল হক, ছাত্র বিষয়ক উপদেষ্টা, বাকৃবি, প্রফেসর ড. হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ, বাকৃবি, ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক, মহাপরিচালক, পল্লী উন্নয়ন একাডেমি (RDA), বগুড়া এবং জনাব এ. বি. এম. সিদ্দিক, ব্যবস্থাপনা পরিচালক, ক্রান্তি গ্রুপ অফ কোম্পানিজ এবং সভাপতি, পদক্ষেপ। কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আমিরুল ইসলাম এর সভাপতিত্বে এবং সহকারী প্রফেসর ড. ফারজানা ইয়াসমিন ও লেকচারার ইসরাত জাহানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত ইন্টার্নশিপ প্রোগ্রামে স্বাগত বক্তব্য রাখেন ম্যানেজমেন্ট কমিটির সমন্বয়কারী প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল হোসেন।
বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। এই ইন্টার্নশিপ প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ উন্নয়নে সরাসরি মাঠ পর্যায়ের চ্যালেঞ্জ ও সম্ভাবনা সম্পর্কে ধারণা লাভ করতে পারবে, যা তাদের ভবিষ্যতে দক্ষ পেশাজীবী হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে এমন আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও ইন্টার্ন শিক্ষার্থীদের পক্ষ থেকে দুইজন শিক্ষার্থী তাদের অনুভূতি ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জি.এম.মুজিবুর রহমান শিক্ষার্থীবৃন্দের উদ্দেশ্যে বলেন
"তোমরা কেবল ডিগ্রি অর্জনের শেষ প্রান্তে নও, বরং তোমরা এখন পেশাদার জীবনের প্রবেশদ্বারে দাঁড়িয়ে আছো। এই ইন্টার্নশিপ প্রোগ্রামটি তোমাদের অর্জিত তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব অভিজ্ঞতায় রূপান্তর করার শ্রেষ্ঠ সুযোগ। কৃষি অর্থনীতি বর্তমান বিশ্বের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষিকে লাভজনক ব্যবসায় পরিণত করতে তোমাদের ভূমিকা হবে অনন্য"। তিনি আরও বলেন যে , আমরা চাই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী দক্ষ মানবসম্পদ হিসেবে দেশ ও দশের সেবায় নিজেকে নিয়োজিত করবে।
উল্লেখ্য, ৬ ক্রেডিটের মাসব্যাপী অনুষ্ঠিতব্য এই প্রোগ্রামে সর্বমোট ১০১জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছে। উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীবৃন্দ ছাড়াও ইন্টার্নশীপ প্রোগ্রামে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিবৃন্দ, আমন্ত্রিত অন্যান্য শিক্ষক -কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।