logo

Bangladesh Agricultural University (BAU)

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘গবেষণা অগ্রগতি ২০২৪-২০২৫’ বিষয়ক বার্ষিক কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আজ শনিবার ০৯ মে, ২০২৬ সকাল ১০.০০ টায় সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে 'Annual Workshop on BAU Research Progress 2024-2025' শীর্ষক তিন দিনব্যাপী বার্ষিক কর্মশালার উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (BAURES)-এর উদ্যোগে আয়োজিত এবারের কর্মশালার মূল প্রতিপাদ্য হলো— “জলবায়ু-সহিষ্ণু ও টেকসই উন্নয়নের জন্য কৃষি গবেষণার রূপান্তর”।
​অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূইঁয়া। কর্মশালায় সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর জনাব স্টিফেন ফোর্বস এবং
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO)-এর প্রতিনিধি ড. জিয়াওকুন শি।
প্রধান পৃষ্ঠপোষক তার বক্তব্যে বলেন যে, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এই কর্মশালার মাধ্যমে বিগত বছরের গবেষণার সাফল্য ও সীমাবদ্ধতাগুলো মূল্যায়িত হবে, যা আগামী দিনে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে। গবেষকদের আধুনিক ও টেকসই প্রযুক্তির উদ্ভাবনে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।
​বাউরেস এর পরিচালক প্রফেসর ড. মো. হাম্মাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাউরেস এর সহযোগী পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মতিয়ার রহমান। তিনি কৃষি গবেষণার গুরুত্ব তুলে ধরে বাউরেস এর গবেষণা বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরেন। কর্মশালা বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাউরেস এর সহযোগী পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ জাহিদুল হক ভূঁইয়া।
বিশেষ অতিথি ড. জিয়াওকুন শি কৃষি ক্ষেত্রে বাউরেসের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সাথে বাউরেসের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও কর্মশালার সন্মানিত অতিথি ব্রিটিশ কাউন্সিলের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর মি. স্টিফেন ফোর্বস বাংলাদেশের কৃষিখাতে এবং খাদ্য নিরাপত্তায় বাকৃবির গবেষকদের অবদান বিশেষভাবে উল্লেখ করেন। বাউরেসের সঙ্গে বৃটিশ কাউন্সিলের ভবিষ্যত সহযোগিতা অধিকতর মাত্রায় অব্যাহত থাকবে এমন প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি তিন দিনব্যাপী বার্ষিক কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে কৃষি খাতে অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে কৃতি গবেষকদের মাঝে বিশ্ববিদ্যালয়ের সেরা ২৫ জন গবেষককে পুরস্কৃত করা হয়। এদের মধ্য থেকে সর্বোচ্চ স্কোরধারী পাঁচজন ‘গ্লোবাল রিসার্চ ইমপ্যাক্ট রিকগনিশন অ্যাওয়ার্ড-২০২৫’ এবং পাশাপাশি অনুষদভিত্তিক সিনিয়র ও জুনিয়র ক্যাটাগরিতে আরও ১২ জন গবেষককে একই স্বীকৃতি দেওয়া হয়। কৃষিতে আধুনিক প্রযুক্তির সফল প্রয়োগ ও মাঠপর্যায়ে উদ্ভাবনী উদ্যোগ গ্রহণের স্বীকৃতিস্বরূপ ছয়জন কৃষককে ‘প্রফেসর ড. আশরাফ আলী খান স্মৃতি কৃষি পুরস্কার-২০২৫’ প্রদান করা হয়। বিশেষ করে প্রান্তিক ও তুলনামূলকভাবে কম পরিচিত কৃষকদের উৎসাহিত করতেই এ পুরস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
এবার প্রথমবারের মতো গবেষণায় নেতৃত্ব, বহিঃসংস্থার গবেষণা অনুদান সংগ্রহ এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে অবদানের স্বীকৃতিস্বরূপ কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ড. আহমদ খায়রুল হাসানকে ‘বাউ রিসার্চ লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২৫’ এবং একইসঙ্গে কৃষি ও গবেষণা-বিষয়ক সংবাদ প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য মো: আমানুল্লাহকে দেওয়া হয় ‘কৃষি সাংবাদিকতা পুরস্কার।
উল্লেখ্য, কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) এর প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত ৪ হাজার ৬২৬টি গবেষণা প্রকল্প সম্পন্ন হয়েছে। বর্তমানে আরো ৬৩৮টি গবেষণা কার্যক্রম চলমান রয়েছে। তিন দিনব্যাপী এ কর্মশালায় মোট ২১টি প্যারালাল টেকনিক্যাল সেশন এবং অনুষদ-ভিত্তিক ছয়টি পোস্টার সেশন অনুষ্ঠিত হবে। এতে প্রায় ৫৩৯টি গবেষণা প্রকল্পের ফলাফল উপস্থাপন করা হবে। মূল্যায়নের ভিত্তিতে প্রতিটি টেকনিক্যাল সেশন থেকে একজন করে মোট ২১ জন সেরা উপস্থাপককে পুরস্কৃত করা হবে। এছাড়া পোস্টার সেশন থেকে প্রতি অনুষদে তিনজন করে মোট ১৮ জনকে সেরা পোস্টার উপস্থাপক হিসেবে সম্মাননা দেওয়া হবে।
​কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও গবেষকবৃন্দ এবং সিনিয়র কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। আগামী ১১মে কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সমাপনী আয়োজনে গবেষণা কার্যক্রমের সারসংক্ষেপ তুলে ধরা হবে এবং টেকসই ও ক্ষুধামুক্ত বাংলাদেশ বিনির্মাণে কৃষি গবেষণার ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।

Publish Date: 09 May, 2026