ইউজিসি মেধাবৃত্তি পেলেন বাকৃবির ৬ শিক্ষার্থী
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক মনোনীত মেধাবৃত্তি লাভ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৬টি অনুষদের ৬ জন মেধাবী শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬ ) সকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার কাছ থেকে শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে এই বৃত্তির চেক গ্রহণ করেন।বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক এসময় উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের ৪র্থ বর্ষে অধ্যয়নরত নিজ নিজ অনুষদে প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীরা এই গৌরবময় বৃত্তি লাভ করেছেন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, বায়েজিদ আলম (আইডি: ২১০১১০৮) – ভেটেরিনারি অনুষদ , খালিদ হাসান (আইডি: ২১০২০৪১) – কৃষি অনুষদ , মোঃ জামিল হোসেন (আইডি: ২১০৩১২৬) – এনিমেল হাজবেন্ড্রি অনুষদ , যুথি দত্ত (আইডি: ২১০৪০৬৮) – কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ , মোঃ শাদমান জামান রোহিত (আইডি: ২১০৫০৮৪) – কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ (কৃষি প্রকৌশল ও প্রযুক্তি) এবং মোঃ গোলাম সাকলায়েন আনাস (আইডি: ২১০৬০৯০) – মাৎস্যবিজ্ঞান অনুষদ।
এই বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে জন প্রতি মেধাবৃত্তি বাবদ ২৪,০০০ টাকা এবং বই-পুস্তক ক্রয় বাবদ ২,০০০ টাকাসহ মোট ২৬,০০০ টাকা করে সর্বমোট ১,৫৬,০০০ (এক লক্ষ ছাপান্ন হাজার) টাকা বিতরণ করা হয়েছে।
বৃত্তি প্রদানকালে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে দেশের কৃষি খাতে অবদান রাখার আহ্বান জানান।