logo

Bangladesh Agricultural University (BAU)

‘বাউরেস কার্যক্রমের ডিজিটাল রূপান্তর’ ও বাকৃবির নতুন ওয়েবসাইট এর উদ্বোধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ডিজিটাল সেবা, গবেষণা ব্যবস্থাপনা এবং তথ্যপ্রযুক্তিনির্ভর প্রশাসনিক কার্যক্রমে এক নতুন যুগের সূচনা হয়েছে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের নতুন ওয়েবসাইট এবং ‘বাউরেস কার্যক্রমের ডিজিটাল রূপান্তর’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল গেস্ট হাউজ কনফারেন্স হলে আয়োজিত “BAU New Website Launching and Digital Transformation of BAURES Activities” শীর্ষক অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থেকে নতুন ওয়েবসাইটের শুভ উদ্বোধন করেন বাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।
বাংলাদেশ এগ্রিকালচাররাল ইউনিভার্সিটি রিসার্চ সিস্টেম (বাউরেস) এর পরিচালক প্রফেসর ড. মো: হাম্মাদুর রহমান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন আইসিটি সেলের অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো: শাহাদাত হোসেন।
অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. মো: রোস্তম আলী। এছাড়া আরও বক্তব্য প্রদান করেন কৃষি অনুষদের ডিন, এনিমেল হাজবেন্ড্রি অনুষদের ডিন, উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর, পরীক্ষা নিয়ন্ত্রক প্রমুখ।
প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, 'আজকের এই দিনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের । তিনি অত্র বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মকর্তাকে স্ব-উদ্যোগে এই ওয়েবসাইট সমৃদ্ধকরণে এগিয়ে আসার পরামর্শ দেন।
বাউরেস এবং আইসিটি সেলের যৌথ আয়োজনে উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ছাত্র বিষয়ক উপদেষ্টা, উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর, প্রক্টর, বিভিন্ন ইন্সটিটিউট/শাখা/ বিভাগের পরিচালক ও প্রধানগণ, বিভিন্ন হল প্রভোস্ট, সহকারী প্রক্টরবৃন্দ, সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এই নতুন ওয়েবসাইট এবং বাউরেস কার্যক্রমের ডিজিটাল রূপান্তর বাকৃবি'র শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল ও আধুনিক করে তুলবে ।

Publish Date: 18 Jun, 2026