বাকৃবিতে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বিসিকের উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) প্রশিক্ষণ ইনস্টিটিউট, উত্তরা, ঢাকার উদ্যোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), ময়মনসিংহে 'উদ্যোক্তা উন্নয়ন' বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।আজ ২২ জুন ২০২৬, সোমবার অত্র বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ বিজ্ঞান অনুষদের কনফারেন্স হলে সকাল ১০.৩০টায় এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিসিক-এর পরিচালক(দক্ষতা ও প্রযুক্তি) ড. মোহাম্মদ শহীদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক, সংশ্লিষ্ট অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আমিরুল ইসলাম এবং প্রক্টর প্রফেসর ড. মো: আব্দুল আলীম।
স্বাগত বক্তব্য প্রদান করেন বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের কোর্স পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম। এছাড়াও প্রশিক্ষণে অংশগ্রহণকারী দুইজন ছাত্র-ছাত্রী তাদের অনুভূতি ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া আশা প্রকাশ করেন যে, এ প্রশিক্ষণ কর্মসূচি অংশগ্রহণকারীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তারা এর মাধ্যমে বাস্তব জীবনে উপকৃত হবেন। তিনি শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের প্রশিক্ষণের সংখ্যা আরও বাড়ানোর জন্য বিসিক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, বর্তমান সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতায় শিক্ষার্থীদের কেবল চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। বিসিক ট্রেনিং ইনস্টিটিউট ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগ তরুণ সমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন আরও গতিশীল হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, উত্তরা, ঢাকায় অবস্থিত বিসিক প্রশিক্ষণ ইনস্টিটিউট এই সম্পূর্ণ কোর্সটি পরিচালনা ও আয়োজন করছে এবং ৫ দিনব্যাপী পরিচালিত এই প্রশিক্ষণে ৩০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছে।
উল্লেখ্য বিসিকের ৬৪ জেলায় ১৯০টি কার্যালয়ের মাধ্যমে মানবসম্পদ উন্নয়নে এর কার্যক্রম চলমান রয়েছে।