logo

Bangladesh Agricultural University (BAU)

আন্ত:বিশ্ববিদ্যালয় ক্যারাম (ছাত্র) ইভেন্টে চ্যাম্পিয়ন দলকে বাকৃবি ভিসির সংবর্ধনা

বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে আন্ত:বিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের টিম চ্যাম্পিয়ন হওয়ায় অত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভুঁইয়া তাদেরকে উষ্ণ-সংবর্ধনা দিয়েছেন। আজ ২৫ জুন ২০২৬, বৃহষ্পতিবার সকাল ১১.০০ টায় ভিসি সচিবালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এসময় ভাইস-চ্যান্সেলর চ্যাম্পিয়ন টিমকে ফুলেল শুভেচছা জানান এবং ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের পক্ষ থেকেও ভাইস-চ্যান্সেলর স্যারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, “তোমরা যারা বিশ্ববিদ্যালয়ের জন্য সম্মান ও গৌরব বয়ে এনেছ, তোমাদের আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।”
তিনি এ সাফল্যের পেছনে অবদান রাখা সংশ্লিষ্ট কমিটির দায়িত্বপ্রাপ্ত শিক্ষকবৃন্দ, কোচ এবং দলনেতাসহ সকল টিম সদস্যদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, তাঁদের দিকনির্দেশনা, উৎসাহ ও নিরলস প্রচেষ্টার ফলেই এই গৌরব অর্জিত হয়েছে।
ভাইস-চ্যান্সেলর আরও বলেন, এ অর্জন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। ভবিষ্যতেও বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য অর্জনের লক্ষ্যে সবাইকে আরও নিষ্ঠার সাথে কাজ করতে হবে।
তিনি উল্লেখ করেন, দেশের মাননীয় প্রধানমন্ত্রী নিজ হাতে শিক্ষার্থীদের পুরস্কৃত করার মাধ্যমে কেবল সম্মাননা প্রদানই করেন না, বরং তাদেরকে আরও বড় অর্জনের জন্য অনুপ্রাণিত করেন। এ প্রসঙ্গে তিনি বাকৃবির ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণের পরামর্শ দেন।
অনুষ্ঠানে ছাত্র বিষয়ক উপদেষ্টা, রেজিস্ট্রার, ক্রীড়া প্রতিযোগিতা সংশ্লিষ্ট কমিটির দায়িত্বপ্রাপ্ত শিক্ষকবৃন্দ, ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালকসহ অন্যান্য আমন্ত্রিত শিক্ষক-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Publish Date: 25 Jun, 2026