logo

Bangladesh Agricultural University (BAU)

বাকৃবিতে 'Final Seminar on BAS-USDA Funded Research Project' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ গবেষণা প্রকল্পের সমাপনী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। "Final Seminar on BAS-USDA Funded Research Project" শিরোনামের এই সেমিনারটি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. আলী রেজা ফারুক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম-এর পরিচালক প্রফেসর ড. এম. হাম্মাদুর রহমান।
​ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. আল-ইমরান এর সভাপতিত্বে এবং মেরিন ফিসারিজ সায়েন্স বিভাগের সহকারী প্রফেসর সাদিয়া মমতা হেনার সঞ্চালনায় উক্ত সেমিনারে মূল বক্তা হিসেবে গবেষণার ফলাফল ও এর ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরেন উক্ত প্রকল্পের প্রধান গবেষক ফিসারিজ ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. সালেহা খান।তিনি তাঁর উপস্থাপনায় গবেষণার বিভিন্ন দিক তুলে ধরে জানান যে, বাংলাদেশে টেকসই ও উন্নত মৎস্যচাষের লক্ষ্যে পুষ্টিকর স্বাদুপানির অণুশৈবাল (Scenedesmus sp.)-এর দেশীয় (indigenous) আইসোলেশন, এর ব্যাপক উৎপাদন প্রযুক্তি (mass culture technology) উদ্ভাবন এবং উৎপাদিত অণুশৈবালকে জুপ্ল্যাঙ্কটন উৎপাদন, মাছের রেণু ও পোনা লালন-পালন এবং আংশিক fishmeal replacement-এ সফলভাবে ব্যবহারের উদ্দেশ্যে এই গবেষণা পরিচালিত হয়েছে। তিনি আরও জানান, এই গবেষণায় প্রথমবারের মতো বাংলাদেশে দেশীয়ভাবে বিচ্ছিন্নকৃত (indigenous) Scenedesmus sp.-এর সফল আইসোলেশন থেকে শুরু করে mass culture technology, zooplankton উৎপাদন, মাছের রেণু ও পোনা লালন-পালন এবং আংশিক fishmeal replacement পর্যন্ত একটি পূর্ণাঙ্গ ও সমন্বিত (integrated) microalgae-based aquaculture production system প্রতিষ্ঠা করা হয়েছে। এই উদ্ভাবন বাংলাদেশের টেকসই মৎস্যচাষ, hatchery প্রযুক্তি এবং বিকল্প জলজ খাদ্য উৎপাদনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক মাইলফলক হিসেবে বিবেচিত হতে পারে।পরবর্তীতে এই গবেষণা নিয়ে সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দের মাঝে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয় ।
প্রধান অতিথির বক্তব্যে মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. আলী রেজা ফারুক বলেন যে, এই গবেষণার মাধ্যমে উদ্ভাবিত প্রযুক্তি বাংলাদেশের মৎস্য খাতে গুণগত পরিবর্তন আনতে এবং মাছের পোনা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উল্লেখ্য, উক্ত সমাপনী সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, গবেষক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Publish Date: 29 Jun, 2026