logo

Bangladesh Agricultural University (BAU)

বাকৃবি শিক্ষকদের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষকদের নিয়ে আয়োজিত 'পাঠদান ও গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার' শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুন, ২০২৬ইং দুপুর ১২ঃ৩০ টায় বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) শ্রেণিকক্ষে সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ করা হয়।
জিটিআই এর পরিচালক অধ্যাপক ড. মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. মো. রুহুল আমিন। এছাড়া উপস্থিত ছিলেন রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শাখা প্রধান ও পরিচালক এবং বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, কর্মশালাটি বর্তমান সময়ের প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ ছিল বলে আমি মনে করি। সেদিক থেকে আমি আশা করব আপনারা এই প্রশিক্ষণের ইতিবাচক দিকগুলো নিয়েই সামনে এগোবেন। পাঠদান এবং একইসাথে শিক্ষার্থীদের মূল্যায়নের ক্ষেত্রেও এটা বিবেচনায় রাখতে হবে যে, সর্বোচ্চ কতটুকু কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার গ্রহণযোগ্য এবং কতটুকু নয়। যতটুকু ভাল- সেটুকুই শুধু ব্যবহারের আশাবাদ ব্যক্ত করে তিনি সবাইকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য শিক্ষকদের পাঠদান, গবেষণা ও প্রযুক্তিনির্ভর জ্ঞানচর্চায় কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহারে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে উক্ত কর্মশালার আয়োজন করা হয়। এতে বাকৃবির ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

https://www.facebook.com/share/p/1ETZx36ENR/

Publish Date: 30 Jun, 2026