বাকৃবি'র সম্প্রসারণ কেন্দ্রের ‘বার্ষিক কর্মশালা-২০২৬’ অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সম্প্রসারণ কেন্দ্র (বাউএক)-এর আয়োজনে আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের চাষি মিলনায়তনে ‘বার্ষিক কর্মশালা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি'র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক এবং প্রফেসর ড. মো: হাম্মাদুর রহমান, পরিচালক,বাউরেস। অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন আইকিউএসি-র পরিচালক প্রফেসর ড. মো: আসাদুজ্জামান সরকার।বাউএক-এর পরিচালক প্রফেসর ড. ইফফাত আরা মাহজাবীনের সভাপতিত্বে এবং ইসমত আরা রুমির সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন বাউএক এর অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আফরোজা বেগম।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া শুরুতেই সশ্রদ্ধ চিত্তে ২০২৪ সনের ঐতিহাসিক ছাত্র- জনতার গণ-অভ্যুত্থানকে স্মরণ করেন।সেই উত্তাল সময়ের প্রেক্ষাপট বর্ণনায় তিনি স্মৃতিকাতর হয়ে পরেন। স্বাধীনতা যুদ্ধে বিরোধী অবস্থান নিয়ে যেরকম একটি সংগঠন আপামর বাঙালির নিকট ঘৃণিত হয়েছিল তেমনি ২০২৪ সনে গণতন্ত্রকামী ছাত্রজনতার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিলো তারাও এদেশের মুক্তিকামী মানুষের হৃদয়ে ঘৃণিত হয়ে থাকবে।
ভাইস-চ্যান্সেলর অত্র বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারণ প্রকল্পের শুরুর ইতিহাস উল্লেখ করেন এবং এই বার্ষিক কর্মশালার গুরুত্ব তুলে ধরেন। টেকসই কৃষি উন্নয়ন এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে মাঠ পর্যায়ের কৃষক ও গবেষকদের মধ্যকার সমন্বয় অধিকতর বৃদ্ধির ওপর গুরুত্ব প্রদান করেন।
উক্ত বার্ষিক কর্মশালায় সভাপতি প্রফেসর ড. ইফফাত আরা মাহিজাবীন অংশগ্রহণকারী কৃষকদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে বাউএক-এর পক্ষ থেকে এ ধরণের আরও কৃষকবান্ধব ও আধুনিক প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
উল্লেখ্য, আধুনিক কৃষি প্রযুক্তির বিস্তার এবং কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই বিশেষ কর্মশালায় অত্র অঞ্চলের ৭৮ জন নির্বাচিত কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন।দিনব্যাপী চলমান এই কর্মশালায় অংশগ্রহণকারী কৃষক ও কৃষাণীকে আধুনিক চাষাবাদ পদ্ধতি, ফসলের রোগবালাই ব্যবস্থাপনা এবং উন্নত কৃষি প্রযুক্তির প্রায়োগিক দিক সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে শুভেচ্ছা স্মারক ও উপকরণ বিতরণ করা হয়। এতে আরও উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকবৃন্দ, ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউটের বিজ্ঞানীবৃন্দ, বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউটের বিজ্ঞানীসহ আমন্ত্রিত অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।