logo

Bangladesh Agricultural University (BAU)

পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আয়োজনে পরিবেশ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সংঘ

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে আয়োজিত পরিবেশ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (বাউডিএস)। ময়মনসিংহের স্বনামধন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে হারিয়ে বাউডিএস এর বিতার্কিকরা এই সাফল্য অর্জন করেন।
"জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা" —এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষ্যে ময়মনসিংহ জেলা পরিষদ সম্মেলন কক্ষে ০৯ জুলাই ২০২৬, বৃহষ্পতিবার এক বিশেষ আলোচনা সভার আয়োজনে উক্ত পুরস্কার বিতরণ করা হয়। ​পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগের আয়োজনে এবং ময়মনসিংহ বিভাগীয় প্রশাসনের সহযোগিতায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস. এম হুমায়ুন কবির সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া, বাকৃবি'র পরিবেশ বিজ্ঞান ও দূর্যোগ ব্যবস্থাপনা ইন্সটিটিউট এর প্রফেসর ড. মুরাদ আহমেদ ফারুক, মহাপরিচালক, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ফরিদ আহমদ্ এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী (ভারপ্রাপ্ত) সুমনা আল মজিদ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন প্রফেসর ড. আহমদ খায়রুল হাসান, সভাপতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সংঘ।
ময়মনসিংহের জেলা প্রশাসক মো: সাইফুর রহমান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক শেখ মো: নাজমুল হুদা। উক্ত আলোচনা সভায় মূল বক্তা হিসেবে বিশ্ব পরিবেশ দিবসের গুরুত্ব ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ তথ্যবহুল নিবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. মুরাদ আহমেদ ফারুক।
প্রধান অতিথি ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস.এম. হুমায়ুন কবির বিতর্কে চ্যাম্পিয়ন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সংঘের কৃতি বিতার্কিকদের হাতে ট্রফি ও অন্যান্য পুরস্কার তুলে দেন।
​উক্ত আলোচনা অনুষ্ঠানে ময়মনসিংহের বিভিন্ন সরকারি অফিসের প্রধানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ,বিতর্কে অংশগ্রহণকারীবৃন্দ, আমন্ত্রিত অন্যান্য দায়িত্বশীল ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পরিবেশ সুরক্ষায় তরুণ প্রজন্মের এমন যুক্তিভিত্তিক ও সচেতন অংশগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত সবার মাঝে ব্যাপক প্রশংসা কুড়ায়।

Publish Date: 09 Jul, 2026