বাকৃবিতে দুগ্ধ ও গরুর মাংস উৎপাদন ব্যবস্থা বিষয়ক আন্তর্জাতিক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে আজ ২০ জুলাই ২০২৬, সোমবার সকাল ১০:০০ টায় দুই দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা "International Workshop on Dairy and Beef Production Systems: Nutrition, feed balancing, welfare and sustainability" এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। ২০ ও ২১ জুলাই দুই দিনব্যাপী এই কর্মশালার যৌথ আয়োজনে রয়েছে বাকৃবির ডেইরি সায়েন্স বিভাগ এবং পশু পুষ্টি বিভাগ।কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. বয়জার রহমান, মহাপরিচালক (রুটিন দায়িত্ব), প্রাণিসম্পদ অধিদপ্তর, ঢাকা। ডেয়রি সায়েন্স বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আশিকুল ইসলামের সভাপতিত্বে উক্ত কর্মশালায় মূল বক্তা হিসেবে প্রাসঙ্গিক বিষয়াবলি নিয়ে আলোচনা করেন ড. পিয়েত্রো চেলি , এসোসিয়েট প্রফেসর, মারডক বিশ্ববিদ্যালয়, অস্ট্রেলিয়া, ড. মো. ইলিয়াস উদ্দিন, এসিস্ট্যান্ট প্রফেসর , দ্য ইউনিভার্সিটি অব কানেকটিকাট, যুক্তরাষ্ট্র এবং ড. মো. শফিকুর রহমান শিশির, এসোসিয়েট প্রফেসর , পশু পুষ্টি বিভাগ, বাকৃবি।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, এ ধরনের কর্মশালা তরুণদের জন্য শেখা, শোনা এবং চিন্তা করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করে। এর মাধ্যমে তারা জানতে ও উপলব্ধি করতে পারে, কীভাবে বাংলাদেশের ডেইরি ও বিফ উৎপাদন ব্যবস্থাকে ভবিষ্যতের চাহিদা ও চ্যালেঞ্জের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তোলা যায়।
তিনি এ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন, কর্মশালায় আলোচ্য বিষয়গুলোর ওপর গঠনমূলক মতবিনিময় ও ঐকমত্য প্রতিষ্ঠিত হবে। তিনি বলেন, এসব আলোচনা যৌথ সহযোগিতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে কার্যকর উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে বাংলাদেশে এবং আন্তর্জাতিক পর্যায়েও ডেইরি ও বিফ উৎপাদনের ক্রমবর্ধমান চাহিদা পূরণে কার্যকর অবদান রাখা সম্ভব হবে। তাই এ ধরনের কর্মশালা নিঃসন্দেহে একটি সময়োপযোগী ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ উদ্যোগ।
উল্লেখ্য, দুইদিনব্যাপী অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক কর্মশালার আয়োজনে গ্লোবাল একাডেমিয়া পার্টনার হিসেবে যুক্ত রয়েছে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব কানেকটিকাট এবং অস্ট্রেলিয়ার জেমস কুক বিশ্ববিদ্যালয়।
এছাড়াও অনুষ্ঠানটির 'কী ইন্ডিয়াস্ট্রিয়াল স্পন্সর' হিসেবে রয়েছে নারিশ এবং 'কী পার্টনার স্পন্সর' হিসেবে রয়েছে প্রোভেট রিসোর্সেস লিমিটেড ।কর্মশালায় দুগ্ধ ও গো-মাংস উৎপাদন ব্যবস্থার আধুনিকীকরণ, সঠিক পুষ্টি, ফিড ব্যালেন্সিং, পশুর কল্যাণ এবং টেকসই খামার ব্যবস্থাপনা নিয়ে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।