logo

Bangladesh Agricultural University (BAU)

বাকৃবিতে শিক্ষার্থীদের পুষ্টি নিরাপত্তা ও খামার ব্যবস্থাপনার ওপর কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে অত্র বিশ্ববিদ্যালয়ের খামারসমূহের সক্ষমতা বৃদ্ধি ও সমন্বিত ব্যবস্থাপনার লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) সকাল ১০.০০টায় শিক্ষক কমপ্লেক্সের মিটিং রুমে বাকৃবি শিক্ষক সমিতির আয়োজনে এ কর্মশালাটি সফলভাবে সম্পন্ন হয়েছে ।​কর্মশালায় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক।
বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার এর সভাপতিত্বে এবং প্রফেসর ড. জাভিদুল হক ভূঞা এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালার শুরুতে ২০২৪ সনের ঐতিহাসিক জুলাই শহীদদের স্মরণে দোয়া পরিচালনা করা হয়। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো: আসাদুজ্জামান সরকার। তিনি অত্র বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের খাদ্যাভ্যাস ও পুষ্টিগত অবস্থা বিশ্লেষণ করে ছাত্র-ছাত্রীদের বর্তমান অবস্থা সবিস্তারে বর্ণনা করেন এবং এই অবস্থা থেকে উত্তরণের সুনির্দিষ্ট সুপারিশমালা উপস্থাপন করেন। উল্লেখ্য, এই মূল প্রবন্ধ তৈরীতে তিনি বাকৃবির সকল অনুষদের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ১৮৬ জন ছাত্র-ছাত্রীর সাক্ষাৎকার গ্রহণ করেন। এছাড়াও উক্ত কর্মশালায় মুল্যবান বক্তব্য প্রদান করেন কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. জি.এম. মুজিবর রহমান, পশু পালন অনুষদের ডিন প্রফেসর ড. মো: রকিবুল ইসলাম খান, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো:আলী রেজা ফারুক, বাউরেস পরিচালক প্রফেসর ড. মো: হাম্মাদুর রহমান, প্রফেসর ড. মো: সামছুল আলম ভূঁঞা, ট্রেজারার প্রফেসর ড. হুমায়ুন কবীর, প্রফেসর ড. মোহাম্মদ মতিউর রহমান, প্রধান খামার তত্ত্বাবধায়ক কৃষিবিদ মো: জিয়াউর রহমান, শহীদ নাজমুল আহসান হলের প্রভোস্ট প্রফেসর ড. কাজী কামরুল ইসলাম, শহীদ জামাল হোসেন হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ শাজাহান মঞ্জিল, জুলাই ৩৬ হলের প্রভোস্ট প্রফেসর ড. তাহসিন ফারজানা প্রমুখ। এছাড়াও ছাত্র প্রতিনিধিবৃন্দ তাদের বক্তব্য উপস্থাপন করেন।
প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন যে বাকৃবির অধ্যয়নরত ছাত্র সমাজের বর্তমান আর্থসামাজিক বাস্তবতায় সমস্যা রয়েছে এবং এই বাস্তবতা মেনে নিয়ে ছাত্র-ছাত্রীদের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে একটি মেধাবী জাতি বিনির্মানের লক্ষ্যে বর্তমান প্রশাসন সকলের সহযোগিতায় ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে এগিয়ে যেতে চায় এবং বর্তমান প্রশাসন এটা করতে পারবে বলে তিনি বিশ্বাস করেন। তিনি মূল প্রবন্ধ উপস্থাপকের বিভিন্ন সুপারিশমালার যৌক্তিক প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের সার্বিক পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব খামারগুলোর উৎপাদনশীলতা ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সমন্বিত ব্যবস্থাপনা পদ্ধতির ওপর গুরুত্বারোপ করেন।
উক্ত ​কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ,বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তাবৃন্দ ও ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।

Publish Date: 23 Jul, 2026