বাকৃবিতে স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য ১৫ দিনব্যাপী "শর্ট ট্রেনিং কোর্স অন সীড টেকনোলজি" এর সমাপনী অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রফেসর গোলাম আলী ফকির সীড প্যাথলজি সেন্টারে স্নাতকোত্তর ছাত্র -ছাত্রীদের জন্য ১৫ দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার বেলা ১:৩০ ঘটিকায় সীড প্যাথলজি সেন্টারে আয়োজিত 'Short Training Course on Seed Technology’ শীর্ষক প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার্টিফিকেট বিতরণ করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন, প্রফেসর ড. জি. এম. মুজিবর রহমান, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক, প্রফেসর ড. ইসলাম হামিম, ট্রেজারার (দায়িত্বপ্রাপ্ত ) প্রফেসর ড. হুমায়ুন কবির, পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন, প্রফেসর ড. মো: মোশাররফ উদ্দীন ভূঞা এবং প্রশিক্ষণ কোর্সের মূল লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরেন কোর্স কো-অর্ডিনেটর ড. মোঃ মাহমুদুল হাসান চৌধুরী।
উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রধান ও প্রফেসর গোলাম আলী ফকির সীড প্যাথলজি সেন্টারের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে এবং সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. পূর্ণিমা দে'র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কোর্স কো-অর্ডিনেটর ড. মো: মাহমুদুল হাসান চৌধুরী। প্রশিক্ষনার্থীদের মধ্য থেকে ২ জন ছাত্র ২জন ছাত্রী প্রশিক্ষনার্থী বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া বলেন, “প্রশিক্ষণের বিষয়বস্তু কৃষি স্নাতকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ—এ বিষয়ে কোনো সন্দেহ নেই।” তিনি দেশীয় বীজের গুণগত মান ও ঐতিহ্য অক্ষুণ্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রশিক্ষণার্থীদের মনোযোগ ও আন্তরিকতার সঙ্গে প্রশিক্ষণ সম্পন্ন করায় সবাইকে অভিনন্দন জানান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ভাইস-চ্যান্সেলর ২৫ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র (সার্টিফিকেট) বিতরণ করেন।
উল্লেখ্য, প্রশিক্ষণ কোর্সটি বিগত ০৫ জুলাই শুরু হয়ে ২৩ জুলাই, ২০২৬ পর্যন্ত ১৫দিন ব্যাপী সফলভাবে সম্পন্ন হয়েছে । এতে কৃষি অনুষদের স্নাতকোত্তর পর্যায়ের ২৫জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করেছে।