বাকৃবিতে 'ডাটা-ড্রাইভেন কারিকুলাম এনহ্যান্সমেন্ট' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (IQAC)-এর উদ্যোগে "Course Filing for Data-driven Curriculum Enhancement in Higher Education" শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।ইন্সটিটিউশনাল কোয়ালিটি এসুরেন্স সেল(আইকিউএসি) এর তত্ত্বাবধানে কৃষি অনুষদীয় কনফারেন্স রুমে আয়োজিত এই কর্মশালায় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. মো: আসাদুজ্জামান সরকারের সভাপতিত্বে এবং অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মুরাদ আহমেদ ফারুখের সঞ্চালনায় উক্ত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. জি. এম. মুজিবর রহমান এবং উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো: সামছুল আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন আইকিউএসি'র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড.মো: শাহেদ রেজা। সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মো: আসাদুজ্জামান সরকার এই কর্মশালার যৌক্তিকতা তুলে ধরেন এবং শিক্ষা কার্যক্রমের শৃংখলা আনয়নে এটি খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, সাম্প্রতিক সময়ে অ্যাক্রেডিটেশন কাউন্সিলের কাঠামো নতুনভাবে পুনর্বিন্যাস করা হচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বাকৃবির শিক্ষকবৃন্দ আরও একাগ্রতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করলে অ্যাক্রেডিটেশনের পুরো কাঠামো সুসংগঠিত করা সম্ভব।
তিনি আরও বলেন, ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ এবং ডিগ্রি প্রদানকারী কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি ও কার্যক্রম সম্পন্ন করেছে। একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের মাধ্যমে সম্প্রতি এ বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। উল্লেখ্য, উচ্চশিক্ষার মানোন্নয়ন, উপাত্তভিত্তিক কারিকুলাম আধুনিকীকরণ এবং কোর্স ফাইলিং প্রক্রিয়াকে আরও জোরদার করার লক্ষ্যে ৪টি সেশনে পরিচালিত দিনব্যাপী এই কর্মশালায় বাকৃবির ছয়টি অনুষদ এবং ৫ টি ইন্সটিটিউটের সর্বমোট ১৫০জন শিক্ষক অংশগ্রহণ করেন।