logo

Bangladesh Agricultural University (BAU)

বাকৃবিতে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণীতে (লেভেল-১, সেমিস্টার-১) ভর্তিকৃত নবাগত ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান আজ ৩০ জুলাই ২০২৬, বৃহস্পতিবার সকাল ১১:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ এবং প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি'র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ডীন পরিষদের আহ্বায়ক প্রফেসর ড. মোঃ বাহানুর রহমান, প্রভোস্ট পরিষদের আহ্বায়ক প্রফেসর ড. মোঃ রুহুল আমিন, প্রক্টর প্রফেসর ড. মোঃ আব্দুল আলীম এবং রেজিস্ট্রার কৃষিবিদ ড. মোঃ হেলাল উদ্দীন।
বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা এবং ওরিয়েন্টেশন কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ শহীদুল হক এর সভাপতিত্বে ওরিয়েন্টেশন অনুষ্ঠানে কমিটির সদস্য সচিব ও সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল্লাহ স্বাগত বক্তব্য রাখেন । অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য ও অর্জন সংবলিত "বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৬৫ বৎসরের পথ পরিক্রমা" শীর্ষক এক বিশেষ তথ্যচিত্র প্রদর্শন করা হয়। ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের মাঝে দেশের দুইজন শিক্ষার্থী এবং বিদেশি (নেপাল ও মালয়েশিয়া) দুইজন শিক্ষার্থী তাদের অনুভুতি ব্যক্ত করেন। এছাড়াও বক্তব্য প্রদান করেন বাকৃবির জাতীয়তাবাদী ছাত্রদলের আহবায়ক মো: আতিকুর রহমান আতিক, সদস্য সচিব মো: শফিকুল ইসলাম শফিক, ইসলামি ছাত্র শিবিরের সভাপতি কৃষিবিদ আব্দুল্লাহ আল মঈন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি জায়েদ হাসান ওয়ালিদ। পরে বিশেষ অতিথিবৃন্দ তাদের নিজ নিজ কর্মক্ষেত্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-কর্মকর্তাদের সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ১৯৯০ ও ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানে গণতন্ত্র, ন্যায় ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে শহীদ এবং আহত সকলের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষাজীবনের প্রতিটি মুহূর্তকে যথাযথভাবে কাজে লাগিয়ে জ্ঞান, দক্ষতা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে। তিনি প্রত্যেক শিক্ষার্থীকে একজন দক্ষ কৃষিবিদ ও নৈতিকতাসম্পন্ন মানবিক মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে কার্যকর ভূমিকা রেখে বাংলাদেশকে আরও সমৃদ্ধ ও এগিয়ে নিতে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করারও আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম সেরা ও ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠালগ্ন থেকে বিশ্ববিদ্যালয়টি দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। তিনি বলেন, কৃষিপ্রধান বাংলাদেশের উন্নয়ন কৃষির উন্নয়নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এ ক্ষেত্রে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষক এবং দেশের বিভিন্ন কৃষি গবেষণা প্রতিষ্ঠানে কর্মরত কৃষিবিদদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি কঠিন ও প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ অর্জনকারী নবীন শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি শিক্ষার্থীদের মেধা, শ্রম ও একনিষ্ঠ অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের দক্ষ, সৃজনশীল ও দায়িত্বশীল কৃষিবিদ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান, যাতে তারা দেশের পাশাপাশি বৈশ্বিক খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণেও কার্যকর ভূমিকা রাখতে পারে।
ইউজিসি চেয়ারম্যান আরও বলেন, আজকের নবীন শিক্ষার্থীরাই ভবিষ্যতে তাদের পরিবার, সমাজ ও দেশের জন্য গৌরব বয়ে আনবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়কে ধীরে ধীরে ডিজিটালাইজড ও স্মার্ট ক্যাম্পাসে রূপান্তরের লক্ষ্যে কাজ করছে। ভবিষ্যতের স্মার্ট কৃষিনির্ভর বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কৃষিবিদরা অগ্রণী ভূমিকা পালন করবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। শেষে তিনি বিশ্ববিদ্যালয়ের সকল নবীন শিক্ষার্থীর সার্বিক সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
উল্লেখ্য, উক্ত ওরিয়েন্টেশন প্রোগ্রামে সকল অনুষদ এবং ইন্সটিটিউটে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীবৃন্দ, সিনিয়র শিক্ষার্থীবৃন্দ, সকল অনুষদের ডিনবৃন্দ, সকল বিভাগীয় প্রধানগণ , অন্যান্য শিক্ষকবৃন্দ, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ,অভিবাবকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। https://www.facebook.com/share/p/1GmYKpvdmW/

Publish Date: 30 Jul, 2026