logo

Bangladesh Agricultural University (BAU)

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের "নিরবচ্ছিন্ন শিক্ষা ও উন্নয়ন" বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (IQAC)-এর উদ্যোগে "A Self-Assessment Framework for Continuous Learning and Improvement" শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ​আজ ৩ আগস্ট ২০২৬, সোমবার সকাল ১০.০০ টায় কৃষি অনুষদের ডিনস কনফারেন্স রুমে অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে এ কর্মশালাটি আয়োজন করা হয়।
​কর্মশালায় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ​প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ উদ্দিন ভুঁঞা, পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন শাখা এবং ​প্রফেসর ড. মোঃ আব্দুল আলীম, প্রক্টর বাকৃবি।
আইকিউএসি-এর ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর ড. মোঃ শাহেদ রেজা এর সভাপতিত্বে এবং অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মুরাদ আহমেদ ফারুখের সঞ্চালনায় পরিচালিত উক্ত কর্মশালায় বক্তাগণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং ধারাবাহিক শেখার প্রক্রিয়ার ওপর স্ব-মূল্যায়ন কাঠামোর গুরুত্ব নিয়ে মূল্যবান মতামত ব্যক্ত করেন।
প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, "আমরা কীভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানউন্নয়নের মাধ্যমে মানসম্পন্ন গ্রাজুয়েট তৈরি করতে পারি সেদিকে লক্ষ্য রাখতে হবে"। তিনি অত্র বিশ্ববিদ্যালয়ের ১০টি ডিগ্রির সকল গ্রাজুয়েটদের কোয়ালিটি বৃদ্ধির পাশাপাশি শিক্ষকদেরকেও আরও অধিকতর মানসম্পন্ন হওয়ার পরামর্শ প্রদান করেন। কোয়ালিটির শেষ বলতে কিছু নেই উল্লেখ করে তিনি বলেন যে, শিক্ষক সমাজ ছাত্রদের শেখানোর পাশাপাশি মূলতঃ সারাটা জীবন শেখার প্রক্রিয়ার মাঝেই থাকেন। সুতরাং শিক্ষকদের প্রকৃতপক্ষেই আত্মউন্নয়নের ধারাবাহিকতায় এগিয়ে যেতে হয়। তিনি সেলফ অ্যাসেসমেন্ট সংক্রান্ত সকল বিষয়গুলো ভালোভাবে আত্মস্থ করে অ্যাক্রেডিটেশনের জন্য প্রস্তুতি নেয়ার আহবান জানিয়ে আইকিউএসি সেলের বিগত দুই বছরের কর্মকান্ডের প্রশংসা করেন এবং এই কর্মশালার সফলতা কামনা করেন।
উল্লেখ্য, দিনব্যাপী পরিচালিত উক্ত কর্মশালায় বাকৃবির ছয়টি অনুষদ এবং পাঁচটি ইন্সটিটিউটের সর্বমোট ১৫০জন শিক্ষক অংশগ্রহণ করেন।

Publish Date: 03 Aug, 2026