logo

Bangladesh Agricultural University (BAU)

বাকৃবিতে 'Best Practices for Turnitin Implementation in Teaching, Learning and Research at Bangladesh Agricultural University' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষা, শিখন ও গবেষণার মানোন্নয়নে প্লাজিয়ারিজম প্রতিরোধক সফটওয়্যার 'টার্নইটিন' (Turnitin) এর কার্যকর, দায়িত্বশীল ও নীতিগত ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে এক কর্মশালা আজ ৪ আগস্ট ২০২৬(মঙ্গলবার) সকাল ১১.০০টায় অনুষ্ঠিত হয়েছে। ‘উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটি কার্যালয়’ -এর উদ্যোগে সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে "Best Practices for Turnitin Implementation in Teaching, Learning and Research at Bangladesh Agricultural University" শীর্ষক এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া।
​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিন কাউন্সিলের আহ্বায়ক ও সম্মানিত সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মোঃ বাহানুর রহমান এবং ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ শহীদুল হক।
কর্মশালায় সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য প্রদান করেন উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো- অর্ডিনেটর প্রফেসর ড. মোঃ সামছুল আলম এবং সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত পরিচালক ড. ফারজানা দিবা।
মুখ্য আলোচক হিসেবে ​কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. মোঃ রোস্তম আলী এবং রিসোর্স পারসন হিসেবে বক্তব্য প্রদান করেন প্রফেসর ড. মো: সালাউদ্দিন পলাশ।
​কর্মশালায় বিশ্ববিদ্যালয়ে একাডেমিক সততা সুদৃঢ় করা, শিক্ষাদান ও গবেষণার গুণগত মান বৃদ্ধি এবং টার্নইটিন সফটওয়্যারটি প্রাতিষ্ঠানিকভাবে কার্যকরভাবে বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে উন্মুক্ত আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। বক্তারা উচ্চশিক্ষায় একাডেমিক উৎকর্ষ সাধনে কার্যকর কৌশল ও নীতি অনুসরণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, এ কর্মশালার মূল উদ্দেশ্য হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং প্রাতিষ্ঠানিক প্রতিবেদন (রিপোর্টিং) আরও কার্যকর ও মানসম্মত করতে সফটওয়্যারের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা।
তিনি বলেন, এই সফটওয়্যারের কার্যকর ব্যবহার বিশ্ববিদ্যালয়ের মূল্যায়ন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, নির্ভুল ও ফলপ্রসূ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি শিক্ষা ও গবেষণার সামগ্রিক গুণগত মান উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে ইতিবাচক অবদান রাখবে।
উল্লেখ্য, দিনব্যাপী এ কর্মশালায় বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, বিভিন্ন ইন্সটিটিউট/শাখার প্রধানবৃন্দসহ অন্যান্য আমন্ত্রিত শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

Publish Date: 04 Aug, 2026