logo

Bangladesh Agricultural University (BAU)

বাকৃবিতে অনুষ্ঠিত হলো ক্যারিয়ার ও দিকনির্দেশনামূলক 'সিটি ব্যাংক স্পটলাইট' প্রোগ্রাম।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে আজ (বুধবার ) ১২ আগস্ট ২০২৬, সকাল ১১.০০টায় অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো সিটি ব্যাংক পিএলসি-র ক্যারিয়ার ও দিকনির্দেশনামূলক বিশেষ আয়োজন "সিটি ব্যাংক স্পটলাইট" প্রোগ্রাম। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এগ্রিবিজনেস অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (IADS)-এর ব্যবস্থাপনায় আয়োজিত এই প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক, উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো: সামছুল আলম, বাউরেস পরিচালক প্রফেসর ড. মো: হাম্মাদুর রহমান এবং মোহাম্মদ আহসানুজ্জামান লিন্টু, সভাপতি, বাংলাদেশ এগ্রিকালচারাল ইকোনমিস্টস অ্যাসোসিয়েশন এবং পরিচালক ও সিইও, স্পেকট্রা হেক্সা ফিডস লি.।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদান করেন ‘IADS' এর পরিচালক এবং অনুষ্ঠানের সভাপতি প্রফেসর ড. ছাদেকা হক। প্রফেসর ড. শাকিলা সালামের সঞ্চালনায় পর্যায়ক্রমে অনুপ্রেরণা ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বিশেষ অতিথিবৃন্দ।
প্রোগ্রামের মূল আকর্ষণ ‘স্পটলাইট কি-নোট সেশন’ পরিচালনা করেন সিটি ব্যাংক পিএলসি-র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং হেড অব কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং মোহাম্মদ মাহমুদ গনি। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে কর্পোরেট জগতের আধুনিক চ্যালেঞ্জ, সম্ভাবনা, দক্ষতা অর্জন এবং ক্যারিয়ার গঠনের নানা দিকনির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া উপস্থিত শিক্ষার্থীদের তাদের পড়াশোনার পাশাপাশি অন্যান্য ক্ষেত্রে বিশেষত সময় ব্যবস্থাপনায় অধিকতর মনোযোগী হওয়ার পরামর্শ প্রদান করেন। তিনি বলেন, সময় ব্যবস্থাপনা আমাদের প্রত্যেকের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়। এছাড়াও গভীর মনোযোগের সাথে কঠোর পরিশ্রমের সমন্বয় সাধন জরুরী বলে তিনি উল্লেখ করেন। জ্ঞানের গভীরতা বৃদ্ধির জন্য তিনি প্রতিটি শিক্ষার্থীকে তত্ত্ব ও তথ্যভিত্তিক বই পড়ার আহবান জানিয়ে বলেন যে, জীবনে উন্নতি করতে হলে পরিশ্রমের কোনো বিকল্প নাই। মেধা ও পরিশ্রম দুটোর সংমিশ্রণই হলো সেরা নির্দেশক। তিনি একইসাথে ভালো আচরণ, শরীরের ভাষা, ভালোভাবে কথা বলা এবং সর্বক্ষণ প্রতিটি বিষয়ে সুন্দরভাবে সাড়া দিয়ে অন্যের মন জয় করে নেওয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি ছাত্র-ছাত্রীদের আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের এগিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করেন।
​সকাল ১১:০০ টায় শুরু হওয়া দুই ঘণ্টাব্যাপী আয়োজনে কি-নোট সেশন শেষে শিক্ষার্থীদের জন্য একটি উন্মুক্ত ১৫ মিনিটের প্রশ্নোত্তর (Interactive Q&A) পর্বের আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীরা কর্পোরেট ক্যারিয়ার সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করার সুযোগ পান। দুপুর ১:০০ টায় সমাপনী বক্তব্য, ধন্যবাদ জ্ঞাপন ও ফটোসেশনের মাধ্যমে আয়োজন সমাপ্ত করা হয়।
উল্লেখ্য, উক্ত স্পটলাইট প্রোগ্রামে বাকৃবির বিভিন্ন অনুষদের আমন্ত্রিত শিক্ষকবৃন্দ, সিটি ব্যাংকের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ এবং বাকৃবির প্রায় ২৫০ জন শিক্ষার্থী অংশ নেন।

Publish Date: 12 Aug, 2026