logo

Bangladesh Agricultural University (BAU)

বাকৃবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ২৯তম ‘বুনিয়াদি প্রশিক্ষণ’ কোর্সের সমাপনী ও সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠিত।বাকৃবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ২৯তম ‘বুনিয়াদি প্রশিক্ষণ’ কোর্সের সমাপনী ও সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অর্থায়নে এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের(বাকৃবি) গ্র্যাজুয়েট ট্রেনিং ইন্সটিটিউট (জিটিআই)-এর ব্যবস্থাপনায় ২৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী আজ ১৯ আগস্ট ২০২৬, বুধবার সকাল ০৯:৩০টায় জিটিআই শ্রেণীকক্ষে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো: হেলাল উদ্দীন এবং ট্রেজারার প্রফেসর ড. হুমায়ুন কবির।
জিটিআই-এর পরিচালক প্রফেসর ড. মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং লেকচারার ডা: সবুজ রহমান ও আইরিন আক্তার এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কোর্স কো-অর্ডিনেটর প্রফেসর এ.কে.এম. রফিকুল ইসলাম। প্রশিক্ষণ সমাপ্তকারীদের পক্ষে দুইজন প্রশিক্ষণার্থী তাদের আবেগময় অনুভূতি ব্যক্ত করেন। বিশেষ অতিথিদ্বয় এবং সভাপতি প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া প্রশিক্ষণ সমাপ্তকারী কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়ে তাদের পেশাগত উৎকর্ষ সাধনে এ ধরনের প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন যে এই প্রশিক্ষণ থেকে অংশগ্রহণকারীবৃন্দ যা শিখেছে সেটা যেন তাদের কর্মক্ষেত্রে কাজে লাগে। তিনি জিটিআই এর গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরেন এবং পাশাপাশি এই ইন্সটিটিউটের সীমাবদ্ধতা থাকলেও তা থেকে পর্যায়ক্রমে উত্তরণের আশ্বাস প্রদান করেন। তিনি আরও বলেন যে নিশ্চিতভাবেই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় তার আজকের এই গৌরবোজ্জ্বল অবস্থানে এসে চেষ্টা করছে দেশের মাটি, মানুষ, কৃষক, খামারি এবং সাধারণ মানুষের অন্ন যোগানো এবং কৃষির উৎকর্ষতা বাড়াতে ভূমিকা রাখার জন্য। সেই কেন্দ্রবিন্দুতে জিটিআই আছে এবং জিটিআই বা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আমাদের মানসিক গঠনটিই হচ্ছে—আমরা উচ্চপদস্থ মানসিকতা ভেঙে দিয়ে মাটি এবং মানুষের সাথে কীভাবে মিশে যেতে হয়, কীভাবে সেবা দিতে হয়, কীভাবে মানুষের পাশে থাকতে হয়—বন্যা, খরা, দুর্যোগ ইত্যাদি সকল ক্ষেত্রে। বাকৃবির গ্র্যাজুয়েটবৃন্দ পৃথিবীর নানা প্রান্তে বিভিন্ন পেশায় সুনামের সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এটিই আমাদের ঐতিহ্য, যা আমরা ধারণ করি। এবং ভবিষ্যৎ দিনগুলোতেও আমাদের নতুন প্রজন্ম বাকৃবি-কে সমৃদ্ধ করবে, দেশকে সমৃদ্ধ করবে এবং বিশ্বকে সেবা দেবে। এই শিক্ষাটুকু আপনারা এখান থেকে নিশ্চয়ই দেখেছেন। আমরা বিশ্বাস করি কর্মে, আমরা বিশ্বাস করি কাজে, আমরা বিশ্বাস করি সেবা এবং সততায়।
অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীবৃন্দ ছাড়াও আমন্ত্রিত দায়িত্বশীল শিক্ষকবৃন্দ ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২৫ দিনব্যপী এই প্রশিক্ষণ কোর্সে বাংলাদেশের ২৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২৫জন কর্মকর্তা অংশগ্রহণ করেছেন ।

Publish Date: 19 Aug, 2026