বাকৃবিতে 'জাতীয় মৎস্য পক্ষ -২০২৬' উদযাপিত


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়(বাকৃবি) এর মাৎস্যবিজ্ঞান অনুষদের তত্ত্বাবধানে বিভিন্ন কর্মসূচির পালনের মাধ্যমে 'জাতীয় মৎস্য পক্ষ ২০২৬' উদযাপিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিলো "রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ'। দিবসটি পালন উপলক্ষে ২৭আগস্ট ২০২৬, বৃহষ্পতিবার সকাল ১০.০০টায় মাৎস্যবিজ্ঞান অনুষদীয় প্রাঙ্গণ থেকে একটি র্যালী শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে ভাইস-চ্যান্সেলর মহোদয়ের বাসভবন সংলগ্ন ব্রহ্মপুত্র নদের ঘাটে এসে শেষ হয়,ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এই র্যালির নেতৃত্ব দেন। অনুষদের ডিন প্রফেসর ড. মো: আলী রেজা ফারুক , অনুষদের অন্যান্য শিক্ষকবৃন্দ, বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউট এর দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাসহ উক্ত অনুষদের ছাত্র-ছাত্রী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ র্যালীতে অংশগ্রহণ করেন। প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, “আমরা নিশ্চিতভাবেই এ ধরনের সচেতনতামূলক কর্মসূচির গুরুত্ব অনুধাবন করি। এ ধরনের কর্মসূচির মাধ্যমে আমাদের মধ্যে সচেতনতা আরও বৃদ্ধি পাবে। আমাদের পারস্পরিক ঐক্য, পেশাগত সততা ও পেশাগত বন্ধন দিন দিন আরও সুদৃঢ় হবে—এটাই আমাদের প্রত্যাশা।তিনি বলেন মাৎস্য বিজ্ঞান অনুষদের বিজ্ঞানীরা অত্যন্ত প্রথিতযশা। তাঁরা বাংলাদেশ তথা বিশ্ব পরিমণ্ডলে নিজেদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রেখেছেন। আমাদের বাকৃবির গ্র্যাজুয়েটবৃন্দ বিশ্বের বিভিন্ন দেশে সুনামের সঙ্গে সক্রিয় থেকে বাকৃবি তথা বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনছে।
আমাদের দেশের বিভিন্ন নদ-নদী, খাল-বিলে প্রাকৃতিকভাবে বেড়ে উঠা মাছের প্রাপ্যতা কমে যাওয়া সত্ত্বেও মৎস্যখাত সংশ্লিষ্ট শিক্ষক-গবেষকবৃন্দের ঐকান্তিক প্রয়াসে এদেশে মৎস্য উৎপাদনে নীরব বিপ্লব সংঘটিত হয়েছে যা রুপালি বিপ্লব নামেও পরিচিত। তিনি বাকৃবির মাৎস্য বিজ্ঞান অনুষদ, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ মৎস্য অধিদপ্তরসহ সারাদেশে সংশ্লিষ্ট গবেষকবৃন্দ যাদের অক্লান্ত পরিশ্রমে এই সেক্টরটি অনন্য উচ্চতায় পৌঁছেছে তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি আরও বলেন যে এই কর্মসূচির মাধ্যমেও শিক্ষার্থীদের মধ্যে যেন পেশাদারিত্ব গড়ে ওঠে, পেশাকে যেন ভালোবাসতে কোনো কৃপণতা না হয় এবং এই জ্ঞানের মাধ্যমে দেশ এবং বিশ্বকে যেন সেবা দেয়া যায়। পরিশেষে তিনি আজকের এই কর্মসুচীর সফলতা কামনা করেন।পরবর্তীতে তিনি ব্রম্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন।
সকাল ১১.০০টায় উক্ত অনুষদের প্রফেসর আমীনুল হক ভবনের সভাকক্ষে মাৎস্যবিজ্ঞান অনুষদের আয়োজনে "জাতীয় মৎস্য পক্ষ-২০২৬" উপলক্ষে এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারের মূল প্রতিপাদ্য বিষয় ছিল “বাংলাদেশের রূপালী ইলিশ: অতীত, বর্তমান ও ভবিষ্যৎ”। সেমিনারে দেশের মৎস্য সম্পদ ও ইলিশের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।সেমিনারে সভাপতিত্ব করেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আলী রেজা ফারুক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
ড. মোঃ লতিফুল ইসলাম, মহাপরিচালক, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, ময়মনসিংহ এবং নৃপেন্দ্র নাথ বিশ্বাস, পরিচালক, মৎস্য অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগ, ময়মনসিংহ।সেমিনারে স্বাগত ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. হারুনুর রশীদ । উক্ত সেমিনারে মাৎস্যবিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও গবেষকবৃন্দ অংশগ্রহণ করেন।