বাকৃবিতে নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদারকে মাৎস্যবিজ্ঞান অনুষদের অভিনন্দন ও সংবর্ধনা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদারকে সংবর্ধনা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদ। এ উপলক্ষে আজ অনুষদ মিলনায়তনে এক বরণ ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: আলী রেজা ফারুক।
অনুষ্ঠানে মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলরকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সম্মাননা স্মারক প্রদান করেন। এসময়ে উক্ত অনুষদের সকল ডিপার্টমেন্টের বিভিন্ন পর্যায়ের শিক্ষকবৃন্দ নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার এর বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে আবেগপূর্ণ ও স্মৃতিময় বক্তব্য প্রদান করেন এবং আগামীদিনে উনার সফল নেতৃত্বের মাধ্যমে বাকৃবি অনেক দূর এগিয়ে যাবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন। সংশ্লিষ্ট অনুষদের ডিন প্রফেসর ড. মো: আলী রেজা ফারুক তাঁর বক্তব্যে বলেন, নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলরের যোগ্য নেতৃত্বে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনী কর্মকাণ্ডে আরও অনেক দূর এগিয়ে যাবে এমন প্রত্যাশা ব্যক্ত করে উনাকে সর্বক্ষেত্রে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার শুরুতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও মহামান্য রাষ্ট্রপতির গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আগামীর দিনগুলোতে সততা ও ন্যায়নিষ্ঠার সঙ্গে এই বিশ্ববিদ্যালয়কে পরিচালনার অঙ্গিকার ব্যক্ত করে মাৎস্যবিজ্ঞান অনুষদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।