বাকৃবিতে ‘Green BAU - Clean BAU’ এর র্যালি ও ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসকে আরও সবুজ, দৃষ্টিনন্দন ও পরিচ্ছন্ন রাখার প্রত্যয়ে ‘Green BAU - Clean BAU’ এর উদ্যোগে বিশ্ব পরিচ্ছন্নতা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা, সচেতনতামূলক র
্যালি ও ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৯ সেপ্টেম্বর ২০২৬ (শনিবার) সকাল ৯:০০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন আমতলায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সরদার।
তিনি তাঁর বক্তব্যে বলেছেন, 'শিক্ষার্থীদের নিজেদের রুম, হল, বাগান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার অভ্যাস গড়ে তুলতে হবে।' তিনি আরও বলেন, ‘ক্যাম্পাসের বিশেষ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পরিচ্ছন্ন রাখার বিষয়ে আরও গুরুত্ব দিতে হবে। ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে শুধু একদিনের কর্মসূচি যথেষ্ট নয়, নিয়মিত ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন। প্রত্যেকে নিজের জায়গাটুকু পরিষ্কার রাখলে পুরো ক্যাম্পাসই পরিচ্ছন্ন হয়ে উঠবে।'
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি অনুষদের ডিন ও ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. জিএম মুজিবুর রহমান, ভেটেরিনারি অনুষদের ডিন ও বাকৃবি ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. মো. বাহানুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ, সোনালী দলের সভাপতি প্রফেসর ড. মো. হাম্মাদুর রহমান, প্রক্টর প্রফেসর ড. মো. আব্দুল আলীম এবং চীফ মেডিকেল অফিসার (প্রতিষেধক) ডাঃ মো. শাহাদাৎ হোসেন।
‘Green BAU - Clean BAU’ এর সভাপতি ও মেডিসিন বিভাগের শিক্ষক প্রফেসর ড. এম. আরিফুল ইসলামের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান কৌশিকের সঞ্চালনায় এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ অংশ নেন।
আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে এবং ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।