logo

Bangladesh Agricultural University (BAU)

বাকৃবিতে ভেটেরিনারি অনুষদের ৬০তম ব্যাচের ইন্টার্নশিপ উদ্বোধন ও একাডেমিক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের ৬০তম ব্যাচের ২৩তম ইন্টার্নশিপ ব্যাচের 'ইন্টার্নশিপ উদ্বোধন অনুষ্ঠান‘ এবং 'একাডেমিক অ্যাওয়ার্ড ২০২৬' প্রদান অনুষ্ঠিত হয়েছে।
​শনিবার ১৯ সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০০টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব এবং বাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার প্রধান পৃষ্ঠপোষক হিসাবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি কৃষি অনুষদের ডিন এবং ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. জি এম মুজিবুর রহমান, ডিএলএস ময়মনসিংহ এর বিভাগীয় পরিচালক শমসেদ জাহান সিরাজি।
ভেটেরিনারি অনুষদের ডিন এবং বাকৃবি ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. মো. বাহানুর রহমান-এর সভাপতিত্বে এবং এনাটমি এন্ড হিস্টোলজি বিভাগের সহযোগী প্রফেসর ড. মারিয়া আফরিন ও এনাটমি এন্ড হিস্টোলজি বিভাগের লেকচারার ডা: তাহমিদ ঈশাদ রূপাই এর যৌথ সঞ্চালনায় ​স্বাগত বক্তব্য প্রদান করেন প্যাথলজি বিভাগের প্রফেসর এবং ইন্টার্নশিপ প্রোগ্রামের সভাপতি ড. মো: মকবুল হোসেন। এনাটমি এন্ড হিস্টোলজি বিভাগের প্রফেসর ড. জিয়াউল হক ইন্টার্নশীপ প্রোগ্রামের উপর সংক্ষিপ্ত দিকনির্দেশনা প্রদান করেন এবং ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য প্রদান করেন মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ তোফাজ্জল হোসেন। এছাড়াও শিক্ষানবিশ শিক্ষার্থীদের মধ্য থেকে দুইজন ছাত্র-ছাত্রী তাদের অনুভূতি প্রকাশ করেন।পরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে একাডেমিক অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ড. মাছুমা হাবিব বলেন, সরকার প্রতিবছর এক লাখ শিক্ষার্থীকে ইন্টার্নশিপের আওতায় আনার পরিকল্পনগ্রহণ করছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও দক্ষতা বিকাশের সুযোগ তৈরি হবে। পাশাপাশি তাদের সমস্যা সমাধানের দক্ষতা ও যোগাযোগ দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। উন্নত দেশগুলোতে মেধাবী শিক্ষার্থীরা ভেটেরিনারি সায়েন্সে পড়াশোনা করেন উল্লেখ করে তিনি ইন্টার্নশিপে অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য গর্ব প্রকাশ করেন।
অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক এর বক্তৃতায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার বলেন "বিশ্ববিদ্যালয়ের সব অনুষদে ইন্টার্নশিপ কার্যক্রম চালু হওয়া আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। আমরা সৌভাগ্যবান যে অর্থ প্রাপ্তিসহ ইন্টার্নশিপ কার্যক্রম সফলভাবে পরিচালনা করতে পারছি। ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) একটি অত্যন্ত সম্মানজনক ও চ্যালেঞ্জিং ডিগ্রি । তিনি আরও বলেন, ইন্টার্নশিপে অংশগ্রহণকারী নারী শিক্ষার্থীদের আবাসনসংক্রান্ত সমস্যা সমাধানে আমরা উদ্যোগ নেব। আমাদের শিক্ষার্থীরা বিদেশে ইন্টার্নশিপে গিয়ে সাফল্য অর্জন করছে, যা বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের। শিক্ষার্থীদের প্রতি আহ্বান, তারা যেখানে ইন্টার্নশিপ করবে সেখানে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ শিখে আসবে এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রাখবে। কোনো ধরনের অনিয়মে জড়ানো থেকে সবাইকে বিরত থাকতে হবে।”
উল্লেখ্য, ইন্টার্নশীপ প্রোগ্রামে ১৫ জন বিদেশি শিক্ষার্থীসহ মোট ১৭৯ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।এছাড়াও বাকৃবির ভেটেরিনারি অনুষদের শিক্ষকবৃন্দ, বিভিন্ন দায়িত্বশীল পদে অধিষ্ঠিত শিক্ষক-কর্মকর্তাবৃন্দ, সরকারি ও বেসরকারি পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Publish Date: 19 Sep, 2026