বাউএক এর উদ্যোগে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সম্প্রসারণ কেন্দ্র (বাউএক)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ উপলক্ষে ১৫০ জন কৃষক-কৃষাণীর মাঝে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সম্প্রসারণ কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. জি. এম. মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. মো. হাম্মাদুর রহমান , কীটতত্ত্ব বিভাগের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. মাসুম আহমাদ ও বাউএক এর অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো: রফিকুল ইসলাম । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউএক-এর ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর ড. জান্নাতুন নাহার মুক্তা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত কৃষক-কৃষাণীদের মাঝে ফল ও ঔষধি গাছের পাঁচটি করে চারা বিতরণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
বক্তব্যে অতিথিবৃন্দ বলেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষার জন্যই গুরুত্বপূর্ণ নয়; ফলদ ও ঔষধি গাছ পরিবারের পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁরা বর্ষা মৌসুমে অধিক পরিমাণে ফলদ ও ঔষধি গাছ লাগানোর জন্য উপস্থিত কৃষক-কৃষাণীদের উৎসাহিত করেন। পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের ওপরও গুরুত্বারোপ করেন।
বাউএক এর এই কর্মসূচির মাধ্যমে কৃষকদের মধ্যে বৃক্ষরোপণের প্রতি আগ্রহ সৃষ্টি, পারিবারিক পুষ্টি নিশ্চিতকরণ এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়।