logo

Bangladesh Agricultural University (BAU)

আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারামে বাকৃবির চ্যাম্পিয়ন হওয়ার গৌরব, বাকৃবি ক্রীড়া উন্নয়ন বোর্ডের সংবর্ধনা।

বাংলাদেশের ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা-২০২৬ এ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ক্যারাম দল। বিগত জুন মাসে অনুষ্ঠিত উক্ত প্রতিযোগিতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের দলকে ফাইনালে হারিয়ে এই গৌরবময় সাফল্য অর্জন করে বাকৃবি দল। সেই সাফল্যকে উদযাপন এবং চ্যাম্পিয়ন দলের প্রতিটি সদস্যকে অনুপ্রাণিত করার লক্ষ্যে আজ ৩০ সেপ্টেম্বর ২০২৬, বুধবার দুপুর ১২:০০ টায় ভিসি সচিবালয়ের সভা কক্ষে বাকৃবি ক্রীড়া উন্নয়ন বোর্ডের সভাপতি ও প্রধান পৃষ্ঠপোষক ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার বিজয়ী দলের সদস্যদেরকে ব্লেজার প্রদান করেন। বাকৃবি ছাত্র বিষয়ক উপদেষ্টা ও টুর্নামেন্ট কমিটির সভাপতি প্রফেসর ড. জি. এম. মুজিবর রহমান এসময়ে উপস্থিত ছিলেন।
​ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক কৃষিবিদ মো: আসাদুল হক এর সঞ্চালনায় আয়োজিত উক্ত অনুষ্ঠানে বিজয়ী দলের সদস্যবৃন্দ ছাড়াও অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. মো: আব্দুল আলীম, ট্রেজারার প্রফেসর ড. মো: মোজাম্মেল হক, প্রভোস্ট কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. কাজী কামরুল ইসলাম, সহকারী প্রক্টর ও চ্যাম্পিয়ন টিমের ম্যানেজার প্রফেসর ড. মো: আনিছুর রহমান মজুমদার, জনসংযোগ ও প্রকাশনা দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলামসহ ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের অন্যান্য দায়িত্বশীল কমকর্তাবৃন্দ।
ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার উপস্থিত চ্যাম্পিয়ন দলের সদস্যদের এবং এই সাফল্যের পেছনে অবদান রাখা সংশ্লিষ্ট কমিটির দায়িত্বপ্রাপ্ত শিক্ষকবৃন্দ, কোচ ও অন্যান্য দায়িত্বশীল কমকর্তাদের প্রতি আন্তরিক শুভেচছা জানান। তিনি ভবিষ্যতে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় আরও অধিক ইভেন্টে অংশগ্রহণের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ক্রীড়া প্রশিক্ষণ বিভাগকে নির্দেশনা প্রদান করেন। বাংলাদেশের একটি পুরোনো বিশ্ববিদ্যায় হিসেবে ক্রীড়া প্রতিযোগিতায় বাকৃবির ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য তিনি বাকৃবি থেকে আরও বেশি সংখ্যক খেলোয়াড় কিভাবে তৈরী করা যায় সেদিকে মনোনিবেশের জন্য সংশ্লিষ্টদের পরামর্শ প্রদান করেন। তিনি অত্র বিশ্ববিদ্যালয়ে আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা অধিক পরিমাণে আয়োজনের জন্য পরামর্শ প্রদান করেন এবং ক্রীড়া প্রশিক্ষণ বিভাগকে অধিকতর কার্যকর করার নির্দেশনা প্রদান করেন। এসময়ে ভাইস চ্যান্সেলর চ্যাম্পিয়ন দলের সদস্য মোল্লা রিয়াজ মাহমুদ ও সিরাজুল ইসলাম এবং সংশ্লিষ্ট কমিটির সদস্যদেরকে ব্লেজার পরিয়ে দেন। অনুষ্ঠানে ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের পক্ষ থেকে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার মহোদয়কে ব্লেজার পরিয়ে দেয়া হয়।

Publish Date: 30 Sep, 2026