বাকৃবি রোভার স্কাউট গ্রুপের সঙ্গে উপাচার্যের মতবিনিময়

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) রোভার স্কাউট গ্রুপের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদারের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকেল ৫টায় ভাইস-চ্যান্সেলর সচিবালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাকৃবি রোভার স্কাউট গ্রুপের সভাপতি ও ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. জি. এম. মুজিবর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাকৃবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক কৃষিবিদ ড. মোঃ জহিরুল আলম।
সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর প্রফেসর ড. মোঃ আবদুল আলীম, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলাম , রেজিস্ট্রার কৃষিবিদ ড. মোঃ হেলাল উদ্দীন এবং এডিশনাল রেজিস্ট্রার (সংস্থাপন) কৃষিবিদ ড. মোঃ নাজমুল হক।
সভায় কৃষিবিদ ড. মোঃ জহিরুল আলম বাকৃবি রোভার স্কাউট গ্রুপের বিভিন্ন অর্জন, চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
উপাচার্য প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার বলেন, “বাকৃবির বিভিন্ন সংগঠনের পাশাপাশি রোভার স্কাউটের সদস্যরা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। এর মাধ্যমে তারা নিজেদের দায়িত্বশীল ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলছে।” তিনি রোভার স্কাউটের কার্যক্রম আরও বেগবান করতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময় সভা শেষে বাকৃবি রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. জি. এম. মুজিবর রহমান উপাচার্যকে একটি ফ্লাওয়ার বেস উপহার দেন।
সভায় বাকৃবি রোভার স্কাউট গ্রুপের ২৫ জন রোভার ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।