বাকৃবি অফিসার পরিষদের নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অফিসার পরিষদের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৭ এর জমকালো অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ৬ অক্টোবর ২০২৬ বেলা ১১.০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি, জাতীয় সংসদ সদস্য-১৪৯, ময়মনসিংহ-৪ সদর এবং প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মো: রুকনোজ্জামান সরকার রোকন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো: মোতাহার হোসেন তালুকদার, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো: হেলাল উদ্দীন এবং কোষাধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো: মোজাম্মেল হক। বাকৃবি অফিসার পরিষদের সভাপতি কৃষিবিদ ড. এ. কে. এম. মাহবুবুর রশীদ গোলাপের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সঞ্চালনায় বেলা ১১.০০ টায় অতিথিদের পুষ্পাঞ্জলি ও আসন গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের পর প্রয়াত অফিসারদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। বেলা ১১.৩১ মিনিটে নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের আনুষ্ঠানিক শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্নের জন্য সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
বিদায়ী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও নব-নির্বাচিত সাধারণ সম্পাদক, নব-নির্বাচিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ বাকৃবির অফিসার পরিষদের নেতৃবৃন্দের সাফল্য কামনা করে দিকনির্দেশনা-মূলক বক্তব্য প্রদান করেন। এছাড়াও বক্তব্য প্রদান করেন বাকৃবি শাখা ছাত্রদলের আহবায়ক মো: আতিকুর রহমান আতিক এবং সদস্য সচিব মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক।
প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার অফিসার পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি বিজিত প্রার্থীদেরকেও নির্বাচনে অংশগ্রহণের জন্য অভিনন্দন জানিয়ে ভবিষ্যতের জন্য তাদের সফলতা কামনা করেন। তিনি বলেন যে পেশাজীবি সংগঠনের অংশ হিসেবে চাইলেই আমরা অপরাপর রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মতো নানা ধরনের কর্মকান্ডে যুক্ত হতে পারিনা তবে আমরা সংগঠন কেন করি বা উদ্দেশ্য কি এগুলো গভীরভাবে বিশ্লেষণ করে পেশাজীবীদের জীবনমান উন্নয়নে এগিয়ে যেতে পারি। তিনি কর্মকর্তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং কর্মকর্তা নেতৃবৃন্দ তাদের আদর্শকে ধারণ করে নীতি নৈতিকতা ও চাকুরীবিধি মেনে বিভিন্ন ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় থাকবে এমন প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন যে অত্র বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও সুনাম যেন অক্ষুণ্ণ থাকে সেদিকে সকলের মনোনিবেশ করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি বাকৃবির অফিসার পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। নবনির্বাচিত পরিষদের মাধ্যমে কর্মকর্তাবৃন্দ তাদের যৌক্তিক দাবিদাওয়া পূরণে অগ্রগামী হবে এমন প্রত্যাশা ব্যক্ত করে তিনি ভবিষ্যতে বৈষম্যহীন বাংলাদেশ বিণির্মানে সবার আগে বাংলাদেশ এই চেতনাকে ধারণ করে এগিয়ে যাওয়ার আহবান জানান এবং স্থানীয় সংসদ হিসেবে যেকোনো সমস্যায় অত্র বিশ্ববিদ্যালয়ের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
পরিশেষে নবনির্বাচিত সভাপতি কৃষিবিদ ড. এ. কে. এম. মাহবুবুর রশীদ গোলাপ উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। উক্ত অনুষ্ঠানে বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা , আমন্ত্রিত অন্যান্য শিক্ষকবৃন্দ, সকল কর্মকর্তাবৃন্দ, বাকৃবি শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ, কর্মচারীবৃন্দসহ অত্র বিশ্ববিদ্যালয়ের আশেপাশের বিভিন্ন আমন্ত্রিত নেতা-কর্মী উপস্থিত ছিলেন।