logo

Bangladesh Agricultural University (BAU)

বাকৃবিতে ‘উচ্চশিক্ষায় অ্যাক্রেডিটেশন প্রস্তুতি ও মান নিশ্চিতকরণ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিওরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে “Accreditation Preparedness and Quality Assurance in Higher Education” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।আজ ০৭ অক্টোবর, ২০২৬ (বুধবার) সকাল ১১:০০ ঘটিকায় অত্র বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল-এর চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আখতার হোসেন খান এবং প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য মোঃ এমদাদুল হক এবং বাকৃবি ডিন কাউন্সিলের আহ্বায়ক ও সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মোঃ বাহানুর রহমান।
আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মোছাঃ মিনারা খাতুন এর সভাপতিত্বে এবং সহযোগী পরিচালক প্রফেসর ড. মো: আখতারুল আলমের সঞ্চালনায় উক্ত কর্মশালায় শুরুতে প্রধান অতিথিসহ মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দকে ফুলেল শুভেচছা জানানো হয়। আইকিউএসি এর সহযোগী পরিচালক প্রফেসর ড.এম. জি. মোস্তফা আমিন স্বাগত বক্তব্য প্রদান করেন। কর্মশালায় মূল বক্তা হিসেবে প্রাসঙ্গিক বিষয়ে বিস্তারিতভাবে আলোকপাত করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য প্রফেসর ড. মোঃ ওয়াকিলুর রহমান। পরবর্তীতে কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে স্বল্প সময়ে একটা উম্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার বলেন যে বর্তমান সময়ে উচ্চ শিক্ষায় মান নিশ্চিতকরনে অ্যাক্রেডিটেশন অর্জন খুবই গুরুত্বপূর্ণ। বাকৃবি বিভিন্ন সূচকে ইতিমধ্যেই এগিয়ে আছে যা একদিনে হয়নি এবং আমাদের আরও এগিয়ে যেতে হবে। এজন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণে বর্তমান প্রশাসন পিছুপা হবেনা। অনেক বিশ্ববিদ্যালয় এবিষয়ে পিছিয়ে আছে এটা না ভেবে আমাদের এটা করতেই হবে এই মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে। এক্ষেত্রে সবচেয়ে বড় দায়িত্ব সন্মানীয় শিক্ষক মন্ডলীর, এছাড়াও কর্মকর্তা-কর্মচারীদেরও দায়িত্ব রয়েছে। তিনি প্রতিটি অনুষদের ডিনবৃন্দ এবং বিভাগের প্রধানবৃন্দকে এব্যাপারে অধিকতর সক্রিয় হওয়ার আহবান জানান।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল-এর চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আখতার হোসেন খান এদেশের মানসম্মত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বাকৃবির অনন্য অবস্থান এবং একইসাথে খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় অত্র বিশ্ববিদ্যালয়ের ভূয়সী প্রশংসা করেন। তিনি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের গুনগত মান নিয়ে প্রশংসা করে বলেন যে উচ্চশিক্ষার মান বজায় রাখা এবং বিশ্বমানের শিক্ষাব্যবস্থা নিশ্চিতকরণের লক্ষ্যে অচিরেই এই বিশ্ববিদ্যালয় অ্যাক্রেডিটেশন অর্জন করতে পারবে। সেজন্যে প্রয়োজনীয় রিসোর্স পারসন তৈরীর লক্ষ্যে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল বাকৃবিতেই একটা প্রশিক্ষণের আয়োজন করার আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য, দুইটি সেশনে দিনব্যাপী পরিচালিত উক্ত কর্মশালায় বাকৃবির সকল অনুষদের ডিন, শিক্ষা-বিভাগীয় প্রধানবৃন্দ, বিভিন্ন ইন্সটিটিউটের পরিচালকসহ সর্বমোট ১২০ শিক্ষক অংশগ্রহণ করেন এবং সেখানে অ্যাক্রেডিটেশন অর্জনের পূর্বপ্রস্তুতিমূলক বিষয়ে আলোচনার মধ্য দিয়ে কর্মশালাটি শেষ হয় ।

Publish Date: 07 Oct, 2026