বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ডিম দিবস উদযাপিত


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের উদ্যোগে 'প্রোটিন যা শক্তি জোগায় ও সুরক্ষা দেয়' প্রতিপাদ্যে 'বিশ্ব ডিম দিবস ২০২৬' উদযাপিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ভেটেরিনারি অনুষদীয় ভবন থেকে সকাল ১০:০০মি. এক বর্ণাঢ্য র্যালি যাত্রা শুরু করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে ভেটেরিনারি অনুষদের প্রধান ফটকের সামনে এসে শেষ হয়। পরে উপস্থিত সকলের মাঝে ডিম বিতরণ করা হয়। এসময় ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. মো: বাহানুর রহমান উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রফেসর ড. মো: সিদ্দিকুর রহমান, বাকৃবির প্রোক্টর প্রফেসর ড. মো: আবদুল আলীম, প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম, প্রফেসর ড. মারজিয়া রহমান, প্রফেসর ড. মো: রফিকুল আলম এবং অনুষদের সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।এবার ডিম দিবসে ৩,৫০০ টি ডিম বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, মাদ্রাসায় বিতরণ করা হবে। কর্মসূচির প্রথম দিনে ১,৭০০টি ডিম বিতরন করা হয়েছে এবং আগামীকাল ১,৮০০টি ডিম বিতরণ করা হবে।
এছাড়া বেলা ১২ ঘটিকায় অনুষদের মেডিসিন গ্যালারিতে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে । ভেটেরিনারি অনুষদীয় ডিন প্রফেসর ড. মো: বাহানুর রহমান এর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. মো: আলী রেজা ফারুক, ডিন, মৎস্য বিজ্ঞান অনুষদ।
অনুষদের ডিন প্রফেসর ড. মো. বাহানুর রহমান তাঁর বক্তব্যে বলেন, “ডিম সহজলভ্য ও পুষ্টিকর একটি সুষম খাবার। শরীরের পুষ্টি চাহিদা পূরণে ডিমের গুরুত্ব অপরিসীম। তাই সুস্থ থাকার জন্য প্রতিদিনের খাদ্যতালিকায় ডিম রাখার অভ্যাস গড়ে তুলতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মৎস্য বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. আলী রেজা ফারুক বলেন, “ডিম একটি সুপারফুড। শরীরের পুষ্টি চাহিদা পূরণে ডিম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিদিনের খাদ্যতালিকায় ডিম রাখা প্রয়োজন। সঠিকভাবে উৎপাদিত ও নিরাপদ ডিম পরিমিত পরিমাণে খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী।”
এছাড়াও বক্তব্য রাখেন অর্গানাইজেশন কমিটির সভাপতি প্রফেসর ড. মো: রফিকুল আলম, সদস্য-সচিব প্রফেসর ড. মারজিয়া রহমানসহ অনুষদের সম্মানিত শিক্ষকবৃন্দ। সেমিনারে অংশগ্রহণ করেন অনুষদের সম্মানিত শিক্ষকবৃন্দ, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ও সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত, অতিথিদের বক্তব্য এবং ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি শেষ হয়। বিশ্ব ডিম দিবস উদ্যাপনের মাধ্যমে ডিমের পুষ্টিগুণ, নিরাপদ খাদ্য হিসেবে এর গুরুত্ব এবং জনস্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিতকরণে ডিমের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।