বাকৃবিতে "শীতকালীন সবজী বীজ এর জীবাণু সনাক্তকরণ, দমন ও সংরক্ষণ" শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) 'প্রফেসর গোলাম আলী ফকির সীড প্যাথলজি সেন্টার'-এ "শীতকালীন সবজী বীজ এর জীবাণু সনাক্তকরণ, দমন ও সংরক্ষণ" বিষয়ক দিনব্যাপী এক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ অক্টোবর ২০২৬, সোমবার সকাল ৯.৩০টায় উক্ত প্রশিক্ষণের উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. জি. এম. মুজিবর রহমান, ডিন কৃষি অনুষদ ও ছাত্র বিষয়ক উপদেষ্টা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো: আবুল হাশেম;পরিচালক বাউরেস, প্রফেসর ড. মো: মোজাম্মেল হক; ট্রেজারার এবং প্রফেসর ড.ইসলাম হামিম; প্রধান,উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ।
প্রফেসর গোলাম আলী ফকির সীড প্যাথলজি সেন্টারের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে এবং সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা(স্পেশাল গ্রেড) কৃষিবিদ ড. পূর্ণিমা দে'র সঞ্চালনায় প্রশিক্ষণ কোর্স নিয়ে সংক্ষিপ্ত ধারণা প্রদান করেন সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা( স্পেশাল গ্রেড) কৃষিবিদ ড. মো: মাহমুদুল হাসান চৌধুরী। পরবর্তীতে বক্তব্য প্রদান করেন উক্ত প্যাথলজি সেন্টারের সাবেক পরিচালক ও রিসোর্স পারসন প্রফেসর ড. মোহাম্মদ শাহজাহান মঞ্জিল। এছাড়াও বিশেষ অতিথিবৃন্দ কৃষিখাতে বীজের গুরুত্ব উল্লেখ করে মানসম্মত বীজ উৎপাদন ও সংরক্ষণে সরাসরি উপকৃত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. জি. এম. মুজিবর রহমান বলেন যে শীতকালীন সবজি চাষে বীজের জীবাণু সনাক্তকরণ ও তা সঠিক উপায়ে দমন ও সংরক্ষণ কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি এই প্রশিক্ষণটি গভীর মনোযোগের সঙ্গে সম্পন্নের পরামর্শ দিয়ে বলেন যে নিঃসন্দেহে এটা কৃষকদের উপকারে আসবে।তিনি আরও বলেন যে কৃষি ক্ষেত্রে বীজ এটা বিশাল ব্যবসার একটা জায়গা এবং আপনারা নিজেরাই হয়তো এই প্রশিক্ষণ সম্পন্ন করে একদিন একটা বীজের ছোটখাটো ব্যবসা শুরু করাতে পারবেন। তিনি সকল অংশগ্রহণকারীর সফলতা কামনা করেন।
উল্লেখ্য, দিনব্যাপী পরিচালিত উক্ত প্রশিক্ষণে অত্র বিশ্ববিদ্যালয়ের আশেপাশের বিভিন্ন এলাকা থেকে সর্বমোট ২০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।
উক্ত প্রশিক্ষণে পাঁচজন রিসোর্স পারসন কতৃক শীতকালীন সবজি বীজের বিভিন্ন রোগ ও জীবাণু শনাক্ত করা, তা দমন করার সঠিক উপায় এবং আধুনিক পদ্ধতিতে বীজ সংরক্ষণের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয় ।