বাকৃবিতে ডিন কাউন্সিলের নতুন আহবায়ক হিসেবে দায়িত্ব নিলেন প্রফেসর ড. জি এম মুজিবর রহমান

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ডিন কাউন্সিলের আহবায়ক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. জি এম মুজিবর রহমান।
আজ (২৯ অক্টোবর, ২০২৬) সন্ধ্যায় আয়োজিত এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে বিদায়ী আহবায়ক এবং ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ বাহানুর রহমান নতুন আহবায়কের নিকট এই গুরুত্বপূর্ণ দায়িত্ব হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
দায়িত্ব হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ এবং উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণ শেষে নতুন আহবায়ক প্রফেসর ড. জি এম মুজিবর রহমান বলেন যে অত্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক মানোন্নয়নে ডিন কাউন্সিল সর্বদাই অভিভাবকের ভূমিকা পালন করে এসেছে। তিনি সকল অনুষদের ডিন ও শিক্ষকবৃন্দের সহযোগিতায় বাকৃবির সার্বিক অগ্রযাত্রাকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।
বিদায়ী আহবায়ক প্রফেসর ড. মোঃ বাহানুর রহমান তাঁর মেয়াদের বিভিন্ন কার্যক্রম স্মরণ করেন এবং নতুন আহবায়ককে শুভকামনা জানান এবং উপস্থিত অন্যান্য অনুষদের ডিনবৃন্দ নতুন আহবায়ককে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।