বাকৃবিতে MBA in Agribusiness প্রোগ্রামের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষিব্যবসা ও উন্নয়ন শিক্ষা ইনস্টিটিউটের (আইএডিএস) উদ্যোগে MBA in Agribusiness প্রোগ্রামের অক্টোবর ২০২৬–মার্চ ২০২৭ সেমিস্টারের (শীতকালীন) ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৩ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের কনফারেন্স হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের প্রোগ্রামের একাডেমিক কাঠামো, পাঠ্যক্রম, শিক্ষা কার্যক্রম এবং ইনস্টিটিউটের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি নতুন শিক্ষাজীবনে সফলভাবে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সহকারী অধ্যাপক মুশাররাত শবনম সূচির সঞ্চালনায় এবং আইএডিএসের পরিচালক অধ্যাপক ড. নাজিয়া তাবাসসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আমিরুল ইসলাম। তিনি নবাগত শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তোলার পরামর্শ দেন। তিনি বলেন, কৃষিব্যবসার অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন অধ্যাপক ড. সাকিলা সালাম, প্রোগ্রাম কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. রুহুল আমিন, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. মো. মোশাররফ উদ্দীন ভূঞা, বাউরেস পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান, আইসিটি পরিচালক অধ্যাপক ড. মো. রোস্তম আলী, প্রক্টর ও ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আবদুল আলীম, আইএডিএসের সাবেক পরিচালক অধ্যাপক ড. মো. সাইদুর রহমান, অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসান এবং কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. খন্দকার মো. মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় প্রোগ্রামের ৩০ জন নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।