logo

Bangladesh Agricultural University (BAU)

যথাযোগ্য মর্যাদায় বাকৃবিতে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মহান স্বাধীনতা দিবস-২০২৪ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ২৬ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে বিশ্ববিদ্যালয়ের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী। 

জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার, প্রক্টর প্রফেসর ড. মোঃ আজহারুল ইসলাম, রেজিস্ট্রার কৃষিবিদ মোঃ অলিউল্লাহ। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকারের সঞ্চালনায় ছাত্র বিষয়ক উপদেষ্টা ও প্রক্টর কার্যালয়, মুক্তিযোদ্ধা সংসদ, শিক্ষক সমিতি, প্রভোস্ট পরিষদ, অফিসার পরিষদ, গণতান্ত্রিক শিক্ষক ফোরাম, বাংলাদেশ ছাত্রলীগ, মহিলা সংঘ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, সাংবাদিক সমিতি, কর্মচারী পরিষদ, বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ, নিরাপত্তা কাউন্সিল, প্রবীণ শিক্ষক-কমকর্তা হিতৈশী সমিতি, সাহিত্যে সংঘ, ডিবেটিং ক্লাব, ক্যারিয়ার ক্লাব, উদীচী, বিনোদন সংঘ, ওয়ান বাংলাদেশ, রোভার স্কাউট, নাট্য সংঘসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকতা, কর্মচারি বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন। 

এসময় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী বলেন, ০৭ মার্চের ঐতিহাসিক ভাষণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্পষ্টভাবেই বাংলাদেশের স্বাধীনতা শব্দটি উচ্চারণ করেছিলেন এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে সেই স্বাধীনতা অর্জনে গেরিলাযুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে এদেশের মুক্তিকামী মানুষেরা ০৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে। বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সকলে হাতে হাত মিলিয়ে কাজ করলে বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ হিসেবে মাথা উঁচু করে বিশ্বের দরবারে দাঁড়াবে এবং আমাদের স্বাধীনতাকে অর্থবহ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। 

বেলা ১১টা থেকে সারাদিন ব্যাপী বাংলাদেশ ছাত্রলীগ সহ বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন, বিশ্ববিদ্যালয় ক্লাব, শিক্ষক সমিতি, অফিসার পরিষদ, মহিলা সংঘ, ৩য় শ্রেণী কর্মচারী পরিষদ, ৩য় শ্রেণী কারিগরি পরিষদ, ৪র্থ শ্রেণী কর্মচারী পরিষদ, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুল, মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়, আমরা মুক্তিযোদ্ধার সন্তান বাকৃবি প্রাতিষ্ঠানিক কমান্ডসহ বিশ্ববিদ্যালয় অনুমোদিত সংগঠন বিভিন্ন ধরনের প্রীতি খেলাধুলা ও পুরস্কার বিতরণীর আয়োজন করেছে। এছাড়া দুপুরে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা  হয়েছে। 


Publish Date: 26 Mar, 2024