logo

Bangladesh Agricultural University (BAU)

বাকৃবিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ পালিত

বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০২৫ পালন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। ২১ ফেব্রুয়ারি ২০২৫, সকাল ৭.০০টায় ভাষা শহীদদের স্মরণে ঈশা খাঁ হল সংলগ্ন প্রথম শহীদ মিনারে জাতীয় দিবস উদযাপন কমিটির ব্যবস্থাপনায় পুষ্পস্তবক অর্পণ করেন এবং শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বাকৃবি শিক্ষক সমিতির ব্যবস্থাপনায় সকাল ৭:৩০মিনিটে বৈশাখী চত্ত্বর থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত প্রভাত ফেরিতে নগ্ন পায়ে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন , রেজিস্ট্রারসহ ছাত্র-ছাত্রী, শিক্ষক-কর্মকর্তা এবং বিশ্ববিদ্যালয় অনুমোদিত সকল শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন। সকাল ৮.৩০ মিনিটে প্রভাত ফেরি শেষে শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন বাকৃবি'র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। পরে অন্যান্য স্কুল, কলেজসহ অনুমোদিত বিভিন্ন সংগঠন শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ১০.৩০ মিনিটে বাকৃবি শিক্ষক সমিতির ব্যবস্থাপনায় শিক্ষক কমপ্লেক্সে "বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে জুলাই গণঅভ্যুত্থান ও একুশের চেতনা" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, অত্যাচারীদের বিরুদ্ধে দাবী আদায় করতে গিয়ে যারা শহীদ হয়েছেন আমরা তাদের আত্মার মাগফেরাত কামনা করি। প্রত্যেকটি আন্দোলন আমাদেরকে কিছু না কিছু শিক্ষা দেয়, প্রকৃতি মাঝে মাঝে বেঁকে বসে, প্রকৃতি্র প্রতিকূলে গিয়ে চরম অন্যায় অনিয়মের কারণেই কিন্তু প্রকৃতি বেঁকে বসে এবং সেই বেঁকে বসার কারণেই পতন অনিবার্য হয়ে উঠে। বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতেও আমরা ভোট দিতে পারি নাই। ফ্যাসিস্ট সরকার সু-চিন্তিত এবং সু-পরিকল্পিতভাবে রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করেছে। আমরা সচেতনভাবে ন্যায়ের পথে থেকে সবাই মিলে এক সাথে সুন্দর, শোষনমুক্ত এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলব। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ শহীদুল হক। এছাড়াও অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ভেটেরিনারি অনুষদের ডীন ও সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মোঃ বাহানুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ, ভেটেরিনারি অনুষদের সাবেক ডীন প্রফেসর ড. মোঃ মকবুল হোসেন, সোনালী দলের সভাপতি প্রফেসর ড. মোঃ আলী রেজা ফারুক, বাউরেস পরিচালক প্রফেসর ড. মোঃ হাম্মাদুর রহমান, পরিকল্পনা উন্নয়ন শাখার পরিচালক প্রফেসর ড. মোঃ মোশাররফ উদ্দীন ভূঞা, প্রক্টর প্রফেসর ড. মোঃ আবদুল আলীম, পশুপ্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোঃ সামছুল আলম ভূঞা, সিকিউরিটি কাউন্সিল এর পরিচালক প্রফেসর ড. মোঃ আরিফুল ইসলাম, বাউরেস এর সহযোগী পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ জাভিদুল হক ভূঞা, সোনালী দলের সাধারণ সম্পাদক প্রফেসর ড. আহমদ খায়রুল হাসান, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ সাইফুল্লাহ এবং উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আলী হোসেন প্রমুখ।
দুপুর ১১.০০টা থেকে স্ব স্ব সংগঠনের সময় অনুযায়ী কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুল এবং বিশ্ববিদ্যালয়ে অবস্থতি অন্যান্য স্কুল ও দারুল কোরআন মুসলমি একাডেমিতেও "বৈষম্যহীন বাংলাদশ বিনির্মাণে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎর্পয" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুপুর ১.৩০টায় সকল মসজিদ, মন্দির ও অন্যান্য উপাসনালয়ে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।

Publish Date: 21 Feb, 2025