বর্ণাঢ্য আয়োজনে বাকৃবিতে "বিশ্ব ভেটেরিনারি দিবস" পালিত


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে "এনিমেল হেলথ্ টেকস এ টিম" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী কর্মসূচী পালিত হয়েছে। এ উপলক্ষে ২৬ এপ্রিল ২০২৫, শনিবার সকাল ১০.৩০টায় ভেটেরিনারি অনুষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয়। দিবসটি উপলক্ষে বাকৃবির শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে সকাল ১১.০০টায় সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মাসূম আহমাদ। ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. মো: বাহানুর রহমান এর সভাপতিত্বে এবং আয়োজক কমিটির সদস্য সচিব প্রফেসর ড. কে এইচ এম নাজমুল হুসাইন নাজির এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির সভাপতি প্রফেসর ড. মো: আবু হাদী নুর আলী খান এবং প্যাথলজি বিভাগের প্রফেসর ড. মো: মকবুল হোসেন মূল বক্তা হিসেবে বিশেষ প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়াও প্রাণী সম্পদ বিভাগের পরিচালক ড. মনোরঞ্জন ধর, প্রক্টর প্রফেসর ড. মো: আব্দুল আলীম, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক প্রফেসর ড. মো: মোশাররফ উদ্দীন ভুইয়া প্রমুখ বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো: শহীদুল হক বিশ্ব ভেটেরিনারি দিবসের গুরুত্ব উল্লেখ করে আমাদের মানব জীবনে এর সুদুরপ্রসারী ভূমিকা তুলে ধরেন। অনুষ্ঠানের সভাপতি বাকৃবি ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. মো: বাহানুর রহমান সমাপনী বক্তব্যে সুস্থ মানব সভ্যতার বিনির্মাণে ভেটেরিয়ানদের অপরিসীম গুরুত্বের কথা উল্লেখ করে বলেন যে, বাংলাদেশে মাঠ পর্যায়ে পশু সম্পদের সার্বিক সুরক্ষায় সরকারি পর্যায়ে দক্ষ জনবল বাড়াতে হবে। তিনি প্রতি উপজেলায় কমপক্ষে ৪ জন করে ভেটেরিনিয়ান নিয়োগের জন্যে সরকারের প্রতি আহবান জানান এবং একই সাথে ভেটেরিনারি ইন্টার্নদের বেতন বৃদ্ধির আহবান জানান।
উল্লেখ্য, উক্ত সেমিনারে বাকৃবির ভেটেরিনারি অনুষদের বিভিন্ন লেভেলের ছাত্র-ছাত্রীবৃ্ন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।